খালেদার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি মামলার চার্জ শুনানি পিছিয়ে ১৯ জুন
https://parstoday.ir/bn/news/bangladesh-i70437-খালেদার_বিরুদ্ধে_বড়পুকুরিয়া_কয়লা_খনি_মামলার_চার্জ_শুনানি_পিছিয়ে_১৯_জুন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পিছিয়ে আগামী ১৯ জুন ধার্য করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রুহুল ইমরান নতুন এ তারিখ ধার্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৬, ২০১৯ ১৩:৩৫ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পিছিয়ে আগামী ১৯ জুন ধার্য করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রুহুল ইমরান নতুন এ তারিখ ধার্য করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনের স্থাপিত এ মামলার অস্থায়ী এজলাসে এ মামলায় শুনানি অনুষ্ঠিত হয়। গত ২৬ ফেব্রুয়ারি একই আদালতে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু করেন। ইতোমধ্যে গত ১ এপ্রিল খালেদা জিয়াকে কারাকর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে।

বেগম জিয়া কারা হেফাজতে চিকিৎসাধীন থাকায় যুক্তি দেখিয়ে আজ আদলতে বেগম জিয়ার  আইনজীবীরা এ মামলায় চার্জ শুনানি মুলতবির আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামি ১৯ জুন তারিখ ধার্য করেন।

মামলার অপর আট আসামি হলেন, এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, ড. খন্দকার মোশাররফ হোসেন, একেএম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এসআর ওসমানী, পেট্রোবাংলার সাবেক পরিচালক মইনুল আহসান, বড় পুকুরিয়া কয়লা খনি ব্যবস্থাপনার নিয়জিত ঠিকাদর সুজু কোল মাইনিং গ্রুপ কনসোটিয়ামের পরিচালক মো. সিরাজুল ইসলাম ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, বিএনপি নেতা আব্দুল মান্নান ভূইয়া এবং সাইফুর রহমান, এমকে আনোয়ার ও এম শামসুল ইসলামও আসামি ছিলেন। তারা মারা গেছেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারে সময় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করে দুদক। শাহবাগ থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম।

কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনকে (সিএমসি) বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়।

২০০৮ সালের ৫ অক্টোবর আদালতে এ মামলায় চার্জশিট দেওয়া হয়। ইতোমধ্যে এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন খালেদা ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ বড়পুকুরিয়া কয়লা খনি মামলার কার্যক্রম স্থগিত করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬