শেখ হাসিনার সরকার অমানবিক ও নিষ্ঠুর নয়: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i70652-শেখ_হাসিনার_সরকার_অমানবিক_ও_নিষ্ঠুর_নয়_ওবায়দুল_কাদের
বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মেরে ফেলার মতো অমানবিক মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি এতোটুকু বলতে চাই, শেখ হাসিনার সরকার অমানবিক নয়। খালেদা জিয়া আইনগত কারণে কারাগারে রয়েছেন। কিন্তু তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে হবে, এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর কাজ সরকার করবে না।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মে ২৪, ২০১৯ ১১:১০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের (ফাইল ফটো)
    ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মেরে ফেলার মতো অমানবিক মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি এতোটুকু বলতে চাই, শেখ হাসিনার সরকার অমানবিক নয়। খালেদা জিয়া আইনগত কারণে কারাগারে রয়েছেন। কিন্তু তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে হবে, এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর কাজ সরকার করবে না।

আজ (শুক্রবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের।

এর আগে গুলশানে এক সংবাদ সম্মেলনে, বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার তার জামিনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কারাগারেই বিনা চিকিৎসায় ধীরে ধীর মৃত্যুমুখে ঠেলে দিতে চায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেত্রীর চিকিৎসা চলছে। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। শেখ হাসিনা সরকার অমানবিক ও নিষ্ঠুর না যে, বিনা চিকিৎসায় তিনি মারা যাবেন।

ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি ও তার দলের ভূমিধস বিজয় সম্পর্কে বলেন, অনেকেই হয়তো ভেবেছিলেন মোদি সরকার ফের ক্ষমতায় আসবে। তবে এভাবে যে তিনি ক্ষমতা ধরে রাখতে পারবেন, তা সবার ধারণার বাইরে ছিল। তিনি সব স্পেকুলেশন ছাড়িয়ে গেছেন।

এসময় তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি সরকারের সাহসিকতা ও বিচক্ষণতায় দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। একইভাবে আমরা আশা করি, তিস্তা যুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান প্রক্রিয়া দ্রুত এগুবে।

আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে সুবিধাবাদীরা তৎপর, এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, রুলিং পার্টিতে সুযোগ সন্ধানীরা অনুপ্রবেশ ঘটাতে চায়। তারা সব সময় এটা করে থাকে। তবে, আমাদের দলের সিদ্ধান্ত পরিষ্কার, পরীক্ষিত-ত্যাগী নেতাকর্মীদের দিয়ে তৃণমূলকে সুসংগঠিত করতে হবে। এখানে কোন সুযোগ সন্ধানীর স্থান হবে না।

দলীয় কার্যক্রম প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রায় আড়াই মাস পর আমি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলাম। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ঈদের পর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে ৮টি টিম মাঠে নামবে। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৪