কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে খালেদা জিয়ার রিট
https://parstoday.ir/bn/news/bangladesh-i70707-কেরানীগঞ্জে_আদালত_স্থানান্তরের_প্রজ্ঞাপন_প্রত্যাহার_চেয়ে_খালেদা_জিয়ার_রিট
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত স্থানান্তরের প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে রিট আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে আদালত স্থানান্তর সংক্রান্ত গত ১২ মে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার চাওয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২৬, ২০১৯ ১২:২১ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত স্থানান্তরের প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে রিট আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে আদালত স্থানান্তর সংক্রান্ত গত ১২ মে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার চাওয়া হয়েছে।

আজ (রোববার) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি জমা দেয়া হয়। আগামীকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

গত ২১ মে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে আইন মন্ত্রণালয়ের সচিবকে একটি আইনি নোটিশ পাঠান। কিন্তু তার জবাব না পাওয়ায় এ রিটটি করা হয় বলে জানান তিনি।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি হচ্ছে : তথ্যমন্ত্রী

এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার দাবি, দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছে সরকার। তার শারীরিক অবস্থা নিয়ে যদি বিএনপি নেতাদের প্রতিক্রিয়ার জবাব দিতে পারতেন, তাহলে খালেদা জিয়া নিজেই উষ্মা প্রকাশ করতেন।

আজ (রোববার) দুপুরে সচিবালয়ে সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের পর, সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের চেষ্টার কোনো কমতি নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ওনারা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছেন। ওনার যে পায়ে ব্যথা, সেটি নিয়েই তিনি দু’বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ সমস্যা নিয়েই তিনি বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। পুরোনো সমস্যাকে তারা বড় করে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন।

ড. হাছান মাহমুদ

সরকারকে বাইরে রেখে জাতীয় ঐক্য গড়তে ড. কামাল হোসেনের আহ্বান প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য নেই। দলটি থেকে লোকজন বেরিয়ে যাচ্ছে। যারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, তারা জাতীয় ঐক্য গড়বে কীভাবে।

এ সময়, শিগগিরই অনলাইন গণমাধ্যগুলোকে নিবন্ধনের আওতায় আনা এবং সম্প্রচার আইন পাস করার কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়াতে সম্প্রচার নীতিমালা করা হয়েছে।  শিগগিরই এ বিষয়ে একটি আইন পাস করা হবে। আগামী বাজেট অধিবেশনে টেলিভিশন ও অনলাইন সম্প্রচার নীতিমালা বিল সংসদে উত্থাপন করা হতে পারে বলেও জানান তিনি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন