‘খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন, রোজাও রাখছেন’
https://parstoday.ir/bn/news/bangladesh-i70778-খালেদা_জিয়া_আগের_চেয়ে_অনেক_ভালো_আছেন_রোজাও_রাখছেন’
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা ‘সম্পূর্ণ ভুল’ বলে মন্তব্য করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২৯, ২০১৯ ০৯:৪০ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক (মাঝে)
    ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক (মাঝে)

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা ‘সম্পূর্ণ ভুল’ বলে মন্তব্য করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৪ মে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকেও উঠতে পারছেন না। আগে বাঁ হাত নাড়াতে পারতেন না, এখন ডান হাতও নড়াচড়া করতে পারেন না।’

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের উচিত ছিল খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে বুলেটিন দেওয়া। কিন্তু আজ পর্যন্ত তারা এমন কিছু করেনি। তারা কি খালেদা জিয়াকে জেলখানায় মেরে ফেলতে চাচ্ছে? আমি আবারও বলতে চাই, দেশনেত্রীর কোনো ক্ষতি হলে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে সরকার।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মহাসচিবের উদ্বেগের মধ্যেই আজ (বুধবার) বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা হয়েছে, বলা হয়েছে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এসব সংবাদ সম্পূর্ণ ভুল। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড কিংবা বিএসএমএমইউ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে। তার শারীরিক অবস্থা কখনোই তেমন আশঙ্কাজনক ছিল না, এখনো নেই উনি আগের চেয়ে অনেক ভালো আছেন। উনি গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং।’

হুইল চেয়ারে বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রীর খাওদা-দাওয়ার বিষয়টি উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, ‘গত ৮ থেকে ১০ দিন আগে উনার (খালেদা জিয়া) জিহ্বায় একটি ঘা হয়েছিল। আপনাদের জীবনের ইতিহাস আছে, সবারই জিহ্বায় বা মুখে ঘা হয়। এটা আমার হয়, সবারই হয়। উনারও সেটাই হয়েছে, অন্য কোনো কারণে নয়। উনার এই ঘা প্রায় ৯০ শতাংশই ইমপ্রুভ। উনি এখন নরমাল খাবার খাচ্ছেন। তবুও দাঁতের ডাক্তার দিয়ে উনার এটা চেক করাব আমরা, আদার কোনো ডেন্টাল ফল্ট থেকে হয়েছে কি না। উনি রোজাও রাখছেন, আর এ ক্ষেত্রে উনি ছোলাসহ রোজার অন্য আইটেমগুলোও খাচ্ছেন। উনার সঙ্গে যে মেয়েটা আছে, উনার চয়েসমতো উনি রান্না করে দেন। উনার মেন্যু অনুযায়ী উনি রান্না করে খান। পাশেই আমাদের এখানে চুলা আছে।’

ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, ‘আপনারা জানেন, উনি যে সমস্যাগুলো নিয়ে এসেছেন, এগুলো ফোনিক ডিজিস, এগুলো ঠিক হতে একটু সময় লাগে এবং খুব স্লো ইমপ্রুভ হয়। এবং উনি ভালোই ইমপ্রুভ করছেন। উনার ডায়াবেটিস, আরথ্রাইটিস এবং অন্যান্য যে দুর্বলতা ছিল, এগুলো অনেক ইমপ্রুভ, উনি খুব ভালো আছেন। আমি বলব, উনার এই বয়সে উনি খুবই ভালো আছেন। ডায়াবেটিসের নিয়ন্ত্রণে, উনার আরথ্রাইটিসের ব্যথা অনেক কমে গেছে। উনার দুর্বলতা অনেক ইমপ্রুভ করেছে। আর কোনো সমস্যা নাই। আর নতুন করে কোনো সমস্যার কথা উনি বলেননি। চিকিৎসা নেওয়া ও থাকাতেও উনার কোনো সমস্যা হচ্ছে না। উনি সম্পূর্ণ কমফোর্টেবল ও ভালো আছেন।’

চিকিৎসা নিয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসায় সন্তুষ্ট।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। পরে আপিলে এই মামলার সাজা বেড়ে হয় ১০ বছর। এছাড়া, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তার আরও সাত বছরের সাজা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণার দিনই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরে অসুস্থতার কারণে তাকে একাধিকবার বিএসএমএমইউতে শারীরিক পরীক্ষা করানো হয়। বিএনপির পক্ষ থেকে বারবার তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানানো হলেও শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়াকে বিএসএমএমইউয়ে ভর্তি করা হয় গত ১ এপ্রিল। সেখানেই মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।