‘দেশের বিরুদ্ধে প্রচারণা চালাতে বিএনপি-জামায়াত লবিস্ট নিয়োগ দিয়েছে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i70992-দেশের_বিরুদ্ধে_প্রচারণা_চালাতে_বিএনপি_জামায়াত_লবিস্ট_নিয়োগ_দিয়েছে’
বিএনপি-জামায়াতের অপপ্রচারের সমুচিত জবাব দিতে প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৬, ২০১৯ ০৮:৩২ Asia/Dhaka
  • ‘দেশের বিরুদ্ধে প্রচারণা চালাতে বিএনপি-জামায়াত লবিস্ট নিয়োগ দিয়েছে’

বিএনপি-জামায়াতের অপপ্রচারের সমুচিত জবাব দিতে প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতরাতে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সম্মানে হেলসিংকির হোটেল ক্যাম্পে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ এই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্র করছে, বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। সেজন্য প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের উচিত এর সমুচিৎ জবাব দেয়া।’

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছে এবং এগুলো দিয়ে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর জন্য তারা লবিস্ট নিয়োগ দিয়েছে।

বাংলাদেশের অসাধারণ উন্নয়ন বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সফল হবেন, দলে তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হবে।’

সৌদি আরবের মক্কায় সর্বসাম্প্রতিক ওআইসি সম্মেলনের প্রসঙ্গ ধরে তিনি বলেন, রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে তোলার জন্য তার প্রস্তাব সেখানে গৃহীত হয়েছে।

পাঁচদিনের সরকারি সফরে গত সোমবার ফিনল্যান্ডে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী জাপানে ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, তার সম্মানে আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন এবং জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে একটি ভোজসভায় অংশ নেন।

এই অনুষ্ঠানে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ ও ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলী রমজানও বক্তব্য রাখেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।