বিচারহীনতার সংস্কৃতির কারণে দিন-দুপুরে মানুষ হত্যা হচ্ছে: নজরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i71539-বিচারহীনতার_সংস্কৃতির_কারণে_দিন_দুপুরে_মানুষ_হত্যা_হচ্ছে_নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে এখন দিন-দুপুরে মানুষ হত্যা করা হচ্ছে। তিনি বলেন, দেশে দিনের পর দিন প্রকাশ্যে মানুষ হত্যা হয়, তার কোনও ব্যবস্থা নিতে পারে না সরকার। সাংবাদিকদের হত্যার বিচার হয় না। সাগর-রুনি হত্যার পরে বলা হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে। কিন্তু ৪৮ বছরেও গ্রেফতার হবে কিনা সন্দেহ।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
জুন ২৭, ২০১৯ ১৭:২৮ Asia/Dhaka
  • বিচারহীনতার সংস্কৃতির কারণে দিন-দুপুরে মানুষ হত্যা হচ্ছে: নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে এখন দিন-দুপুরে মানুষ হত্যা করা হচ্ছে। তিনি বলেন, দেশে দিনের পর দিন প্রকাশ্যে মানুষ হত্যা হয়, তার কোনও ব্যবস্থা নিতে পারে না সরকার। সাংবাদিকদের হত্যার বিচার হয় না। সাগর-রুনি হত্যার পরে বলা হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে। কিন্তু ৪৮ বছরেও গ্রেফতার হবে কিনা সন্দেহ।

তিনি দৃঢ়তার সাথে বলেন, এ ধরনের সরকার জনগণের মাথায় সিন্দাবাদের ভূতের মতো চেপে থাকবে আর জনগণ তা ঝেড়ে ফেলবে না, এটা হবে না; হতে পারে না। নিশ্চয়ই জনগণ এর বিরুদ্ধে লড়াই করবে এবং বিজয়ী হবে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে অনুষ্ঠিত সংহতি সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই একসাথে গেঁথে আছে। সরকার তাকে মুক্তি দিতে বিলম্ব করছে। কারণ সরকার জানে তাদের এই অপশাসন ও অগণতান্ত্রিক আচরণে প্রতিবাদ করার মূল ভিত্তি দেশনেত্রী খালেদা জিয়া।

নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। আজ আমরা দাবি করব দেশনেত্রীকে মুক্তি দেয়া হোক। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের কাছে জবাবদিহিতা করবে এমন সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন দেয়া হোক।

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, বাজেটের নামে সাধারণ মানুষকে করের বোঝায় নিষ্পেষণ করার চক্রান্ত বন্ধ করা হোক। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বাজেটের এমন সব প্রস্তাব প্রত্যাহার করা হোক। আমরা চাই এদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ যেন সুখে শান্তিতে জীবন ধারণ করতে পারে।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এ সংহতি সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, মহানগর বিএনপি নেতা ফরিদ উদ্দিন, আক্তারুজ্জামান বাচ্চু, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭