ঢাকায় ডেঙ্গু রোগ বাড়ছে: মেয়র বললেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই
বাংলাদেশে বর্ষা মৌসুমের শুরুতে জুন মাসে রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালেই ভর্তি হয়েছে ১৫৫৩ জন। যা গত বছর এ সময়ের চেয়ে পাঁচগুণেরও বেশি। এ বছর জুনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছেন একজনের। এর আগে গত এপ্রিলে মারা গেছে দু’জন।
চিকিৎসকরা বলছেন, এবারের আক্রান্তের মধ্যে সি-টাইপের মারাত্মক ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে আক্রান্তের সংখ্যা বাড়লেও তা এখনো ভয়াবহ পর্যায়ে নয়।
আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এটা নিয়ে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত মাসের শেষ সপ্তাহে অধিক সংখ্যক ডেঙ্গু রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ হিসেবে ২৫ জুন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১১২ জন, পরের দিন ৭৫ জন, ২৭ জুন ১১৫, ২৮ জুন ৫৪ জন, ২৯ জুন ১০৪ ও মাসের শেষ দিনে এই সংখ্যা ছিল ৫২ জন। গোটা জুন মাস জুড়ে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৫৫৩ জন। অথচ গত বছর জুন মাসে এ সংখ্যা ছিল ২৯৫।

আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা কম হলেও আতঙ্কের বিষয় হচ্ছে এর অধিকাংশই আক্রান্ত মারাত্মক ডেঙ্গুতে। এ প্রসঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোস্তফা কামাল রউফ বলেছেন, দ্রুত রক্তের প্লাটিলেট কমে যাওয়া, খুব দুর্বল হয়ে যাওয়া, বমি হওয়া, পেটে ব্যথা, শরীরে র্যাশ দেখা দেওয়া- এসব মারাত্মক লক্ষণগুলো এবার বেশি দেখা যাচ্ছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার এম এম আখতারুজ্জামান পরামর্শ দিয়েছেন, আক্রান্তের সংখ্যা বাড়লেও তা এখনো ভয়াবহ পর্যায়ে নয়। কারো জ্বর হলেই তাকে দ্রুত পরীক্ষা করে নিশ্চিত হতে হবে এটি ডেঙ্গু কী না।
তবে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, 'ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এটা নিয়ে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।’
আজ রাজধানীর মন্ত্রীপাড়া হেয়ার রোডে মশক নিধনে পক্ষকালব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এ সময় ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘আজ থেকে ১১ জুলাই পর্যন্ত কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি একযোগে চলবে। তবে এ ব্যাপারে নগরবাসীর ডেঙ্গু মশার বিস্তার রোধে সতর্কতা ও সচেতনতাও জরুরি।’
মেয়র আবু সাইদ জানিয়েছেন, ১৫ জুলাই ডিএসসিসি বিশেষ স্বাস্থ্য সেবা হটলাইন চালু করবে। এর মাধ্যমে নগরের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। অসুস্থ নাগরিকগণ দক্ষিণ সিটি কর্পোরেশনের মহানগর জেনারেল হাসপাতাল, চক বাজারের শিশু হাসপাতাল, মাতৃসদন কেন্দ্রে থেকেও এ সেবা নিতে পারবেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।