ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট
বাংলাদেশের রাজধানীতে ব্যাপকমাত্রায় ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়ায় মশা নিয়ন্ত্রণে কার্যকর কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। ঢাকার দুই সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে এ বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে সিটি করপোরেশনের পক্ষে আলাদা দুটি প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গু রোধে সচেতনতা বাড়ানোসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
গত ২৭ জানুয়ারি রাজধানী ঢাকার বায়ু দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট করেন। রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান, রাজধানীতে বায়ুদূষণ নিয়ন্ত্রণের দাবিতে করা এক রিট আবেদনের শুনানিকালে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের এই আদেশ দেওয়া হয়েছে। সঠিকভাবে মশা নিধনের ওষুধ ছিটানোর পর প্রতিবেদন দিতে বলা হয়েছে দুই সিটি করপোরেশনকে।
এর আগে মঙ্গলবার ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে পৃথক দুটি প্রতিবেদন দাখিল করে বলা হয়, তারা জনসচেতনতা বৃদ্ধিসহ ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে। এই প্রতিবেদনের বিরোধীতা করে মনজিল মোরসেদ আদালতকে বলেন, ‘অর্থমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বাজেট ঘোষণা করতে পারছিলেন না। বিচার বিভাগের অনেকেই এবং অনেক এমপিও ডেঙ্গুতে আক্রান্ত। ঢাকা শহরে ডেঙ্গু পরিস্থিতি অনেক নাজুক।’
আদালতে ঢাকা সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুন্নাহার আক্তার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২