ঢাকায় ডেঙ্গু রোগীর নতুন রেকর্ড, বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
আগের সব রেকর্ড ভেঙে বাংলাদেশের রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে- ক্রমবর্ধমান এই চাপ সামলাতে নেয়া হচ্ছে নতুন নতুন ব্যবস্থা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন দ্রুততম সময়ে নাগরিকদের জন্য ডেঙ্গুমুক্ত শহর নিশ্চিত রাখার অঙ্গীকার করেছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৪৮ জন। যার মধ্যে কেবল জুলাই মাসের প্রথম দু’সপ্তাহেই ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৪ জন। এ ছাড়া এ সময় ঢাকার বাইরে ১৯ জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২,৯০০ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
এ প্রসঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেছেন, জুলাই মাসে বর্ষায় সাধারণত: ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তবে এবার চাপ সামলাতে এখন অনেকটাই বেহাল দশা চিকিৎসকদের। অনেকে আবার বহিঃবিভাগ থেকেও চিকিৎসা নিয়ে ঘরে ফিরে যাছেন।
পরিস্থিতি বিবেচনায় আরো ডাক্তার ও নার্সকে প্রশিক্ষণ এবং হাসপাতালগুলোকে মনিটরিংয়ের আওতায় আনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ প্রসঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ বিষয়ক সরকারি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার এ এম আখতারুজ্জামান বলেছেন, জাতীয় গাইডলাইন অনুসরণ করে চিকিৎসা প্রদানের বিষয়টি বিশেষভাবে তদারকি করা হচ্ছে।
খুব বেশি উদ্বিগ্ন হবার দরকার নেই: আইইডিসিআর
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সাব্রিনা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত বেশি হচ্ছে তবে, এ নিয়ে এখনো খুব বেশি উদ্বিগ্ন হবার দরকার নেই। ডেঙ্গু ব্যবস্থাপনা সব ডাক্তারই এখন জানেন। হাসপাতালগুলোতে নজরদারি আরও শক্তিশালী হয়েছে। সেজন্যই ঢাকার বাইরের কেসগুলো জানা যাচ্ছে।
তবে পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্য এডিস মশার প্রজননস্থল ধ্বংসের জন্য বাসাবাড়ি থেকে শুরু করে সবার আরও সচেতনতার ওপর জোর দেন তিনি।
দ্রুততম সময়ে ডেঙ্গুমুক্ত শহর নিশ্চিত করব: সাঈদ খোকন
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, দ্রুততম সময়ে নাগরিকদের জন্য ডেঙ্গুমুক্ত শহর নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
আজ দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে 'বিশেষ প্রাথমিক চিকিৎসা সেবাপক্ষ ২০১৯’-এর উদ্বোধনকালে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিগত দু’তিন বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা বেশি, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শতকরা ৯৮ ভাগ ডেঙ্গু রোগীর জ্বর ৮ থেকে ১৯ দিনের মধ্যে ভালো হয়ে যায়।
পহেলা জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করেছে জানিয়ে তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় এরইমধ্যে ৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ৪৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত করা হয়েছে। এরা ডেঙ্গুর বিষয়ে নাগরিকদের সচেতন করে তুলছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫