নেত্রকোণায় শিশুর কাটা মাথা বহনকারী যুবক গণপিটুনিতে নিহত
বাংলাদেশের নেত্রকোণায় একটি শিশুর কাটা মাথা ব্যাগে নিয়ে ঘোরাফেরা করার সময় জনতার পিটুনিতে এক যুবক নিহত হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১টার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ২২ বছর বয়সী ওই যুবকের নাম রবিন। তিনি পেশায় একজন রিকশাচালক। ওই এলাকার একলাস উদ্দিনের ছেলে তিনি।
রবিনের সঙ্গে থাকা ব্যাগে যে শিশুর কাটা মাথা পাওয়া গেছে, সে নেত্রকোণা শহরের কাটলি এলাকায় রইছ উদ্দিনের আট বছরের ছেলে সজীব মিয়া।
ওসি তাজুল আরও বলেন, “নিউটাউন এলাকায় জনতার পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মাথা ও যুবকের লাশ উদ্ধার করে।”
ওসি তাজুল ইসলাম বলেন, “পদ্মাসেতু তৈরিতে মাথা প্রয়োজন- এমন গুজবের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। ওই যুবক মাদকাসক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। কেন সে এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, “শিশুটির দেহ উদ্ধার করা যায়নি। ময়নাতদন্তের জন্য যুবকের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
এর আগে শিশুর কাটা মাথাসহ অজ্ঞাত ওই যুবক হরিজন পল্লীতে এলাকায় ঘোরাফেরা করছিলেন। বিষয়টি প্রথম হরিজনদের দৃষ্টিগোচর হয়। তাকে ধাওয়া করে নিউটাউন পুকুর পাড়ে ধরা হয়। সেখানেই গণপিটুনিতে নিহত হয় ওই ব্যাক্তি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম, নাজমুল হাসান (তদন্ত), উপ-পরিদর্শক (এসআই) আওয়াল সরদার, শাখাওয়াত হোসেন, আলমগীর হোসাইনসহ মডেল থানার পুলিশ সদস্যরা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮