ডেঙ্গু নিয়ে মেয়র ও মন্ত্রীদের কথায় ‘স্লিপ অব টাং’ হতে পারে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i72361-ডেঙ্গু_নিয়ে_মেয়র_ও_মন্ত্রীদের_কথায়_স্লিপ_অব_টাং’_হতে_পারে_কাদের
বাংলাদেশে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে অভিহিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশের ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুলাই ২৯, ২০১৯ ১৮:৫৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে অভিহিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশের ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

আজ (সোমবার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ডেঙ্গু নিয়ে   জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত সারাদেশে ৩১ জুলাই থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে মেয়র ও মন্ত্রীদের কথায় ‘স্লিপ অব টাং’ হতে পারে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

ডেঙ্গু নিয়ে মার্চেই সতর্ক করেছিল স্বাস্থ্য অধিদপ্তর

তবে, বর্ষা শুরুর আগে ডেঙ্গু নিয়ে গত মার্চ মাসেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। আজ সকালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডাক্তার সানিয়া তহমিনা এ তথ্য 

তিনি আরো জানান, এ পর্যন্ত ঢাকার বাইরে ৬১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে; যা উদ্বেগজনক। রাজধানীর বাইরে ডেঙ্গু ছড়িয়া যাওয়া ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে। আজই পাঠানো হচ্ছে ডেঙ্গু পরীক্ষার কীট। ঢাকা চট্টগ্রাম বিমানবন্দরের পাশাপাশি বেনাপোল বন্দরে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এডিস মশার লার্ভা

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড 

আজ (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা গেছে গত ২৪ ঘণ্টায় ১০৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এক দিনে রোগী ভর্তির এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এ হিসাবে প্রতি ঘণ্টায় প্রায় ৪৬ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সরকারি হিসেবে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার সর্বত্রই এডিস মশার লার্ভা পাওয়া গেছে

এদিকে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে ১০ দিন ধরে পরিচালিত বর্ষাকালীন জরিপে সর্বত্রই এডিস মশার লার্ভা পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ মন্তব্য করেছেন, ‘পুরো ঢাকাই এখন ডেঙ্গুর ঝুঁকিতে।'

গত ১৮ থেকে গত ২৭ জুলাই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কীটতত্ত্ববিদদের মাধ্যমে  ঢাকা দক্ষিণের ৬৯টি এলাকায় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪১টি এলাকায় মোট ১০০টি স্পটে এ জরিপ পরিচালনা করা হয়।

গত মার্চ মাসের জরিপের চেয়ে এ দফার সার্ভেতে ১০ গুণ বেশি এডিস মশার অস্তিত্ব পাওয়া গেছে। এবার ঢাকা উত্তরের ৫৮ শতাংশ এবং ঢাকা দক্ষিণের ৭৮ শতাংশ এলাকায় অধিক মাত্রায় এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।

এবারের জরিপেও আগের মতোই রাজধানীর উত্তরা, গুলশান, বনানী, ধানমণ্ডি, মোহাম্মদপুর, গেণ্ডারিয়া, বনশ্রীর মতো এলাকাগুলোতে বাসা-বাড়ি ও অভিজাত স্থাপনায় এডিস মশার লার্ভা বেশি পাওয়া গেছে। 

কোরবানির ঈদে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ আশংকা প্রকাশ করে বলেন, ডেঙ্গু একটি বড় রকমের জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, ঢাকার বাইরে সনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের বেশিরভাগই রাজধানী ঢাকা থেকে গেছেন। কোরবানির ঈদে বাড়িফেরা মানুষের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে কারণ আগস্ট-সেপ্টেম্বর মাস বেশি ঝুঁকিপূর্ণ।

ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। গত ১৮ বছরের মধ্যে এ বছর গতকাল রোববার পর্যন্ত সর্বোচ্চ ১১ হাজার ৩৫২ জন আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের রেকর্ডও গতকাল ভঙ্গ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি হিসেবে গতকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা হবে ৩১ জন।

মেয়র সাঈদ খোকন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মেয়রের স্বীকারোক্তি

এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাকে গুজব বলে উড়িয়ে দিলেও গতকাল রবিবার রাজধানীর  সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের অবস্থা সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের কাছে স্বীকার করেছেন, ‘ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আমরা জান-প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।'

এসময় তিনি ডেঙ্গু রোগীদের স্বজনদের আশ্বাস দিয়ে বলেন, ‘নগর কর্তৃপক্ষ তাদের পাশে আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ

তবে গত রোববার দুপুরে 'মুক্তিযুদ্ধ মঞ্চ' নামের সংগঠন মশা নিধনে ব্যর্থ হওয়ায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ একই সঙ্গে দুই মেয়রের পদত্যাগ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। অথচ একে গুজব বলছেন মেয়র। ডেঙ্গুতে মৃত্যুবরণ করা নাগরিকদের মৃত্যুর দায়ভার দুই মেয়রকেই নিতে হবে।’

ওদিকে, স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, বেসরকারি হাসপাতালের প্রতিনিধি মেডিসিন বিশেষজ্ঞদের সঙ্গে  আলাদা আলাদাভাবে জরুরি বৈঠক করে ডেঙ্গুর চিকিৎসার বিষয়ে নানা কিছু জরুরি সিদ্ধান্ত নিয়েছে। 

সে অনুযায়ী,  আগামী ১ আগস্ট সব মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার জন্য মাঠে নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে সরকারি হাসপাতালে ডেঙ্গুর সব পরীক্ষা ফ্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বিকেল থেকেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। তাছাড়া,  সরকারি হাসপাতালগুলোতে স্যালইন-ওষুধসহ ডেঙ্গু চিকিৎসায় আনুষঙ্গিক সব কিছু হাসপাতাল থেকে বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের জন্য ব্যবস্থা করা নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ডেঙ্গু রোগীদের নিয়ে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডেঙ্গুর রক্ত পরীক্ষা ফি ৫০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যার পূর্ব মূল্য ছিল ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা।

স্কুল শিক্ষিকার মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিগার সুলতানা (৩৫) নামের এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। গতকাল দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিগার সুলতানা কাঁঠালিয়া উপজেলার হালদারখালি গ্রামের সুলতানের হোসেনের মেয়ে এবং হালদারখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কয়েকদিন আগে নিগার সুলতানা ঢাকায় আসেন। ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এলাকায় ফিরেন। শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গত এক মাসে ১০ জন চিকিৎসক ও ২০ জন নার্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. আমিন আহমেদ খান।

ডেঙ্গুতে আক্রান্ত পুলিশ

এডিস মশার আক্রমণে ভুগছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা। রাজারবাগ পুলিশ লাইন্সের ব্যারাক, মিরপুরসহ আশপাশ এলাকার পুলিশ সদস্যরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। প্রতিদিন জ্বর নিয়ে পুলিশ সদস্যরা আসছেন রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। টেস্টে ডেঙ্গু প্রমাণিত হলেই ভর্তি রাখা হচ্ছে হাসপাতালে। জানা গেছে, বোরবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত মোট ৯৫ জন পুলিশ সদস্য ডেঙ্গু জ্বরে আক্তান্ত  হয়ে হাসপাতালে যান। গত শনিবার আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ১০১ জন।

চিকিৎসকের পরামর্শ

প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ জানান, ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ডেঙ্গু হলে প্লাটিলেট এক লাখের বেশি হলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। প্যারাসিটামল ছাড়া অন্য কোন ওষুধ না খাওয়ার পরামর্শ দেন তিনি। আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি তরলজাতীয় খাবারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।#  

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯