ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i72424-ডেঙ্গু_নিয়ন্ত্রণে_ব্যর্থতার_জন্য_স্বাস্থ্যমন্ত্রী_ও_ঢাকার_দুই_মেয়রের_পদত্যাগ_দাবি
এডিস মশা নিয়ন্ত্রণ করে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেয়র ব্যর্থ হয়েছেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ করার আহবানও জানান তিনি।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুলাই ৩১, ২০১৯ ১৯:২৭ Asia/Dhaka
  • ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি

এডিস মশা নিয়ন্ত্রণ করে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেয়র ব্যর্থ হয়েছেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ করার আহবানও জানান তিনি।

আজ (বুধবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘ডেঙ্গুরোগ, বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন খন্দকার মোশারফ।

প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফরের সমালোচনা করে তিনি বলেন, বিনা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থান করছেন। গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হলে বন্যা, ডেঙ্গু জ্বরের মতো দুর্যোগের এই সময়ে তিনি বিদেশে থাকতে পারতেন না। আমরা অতীতে দেখেছি বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোন দুর্যোগের সময় বিদেশে থাকলে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। অথচ আজকে প্রধানমন্ত্রী দেশে নেই, স্বাস্থ্যমন্ত্রীও দেশে নেই।

ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, এবার ডেঙ্গুতে বহু লোক মারা গেছে। এটা যে মহামারী আকার ধারণ করেছে সবাই তা স্বীকার করেছে। অর্থমন্ত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় বাজেট ঘোষণা করতে পারেননি। ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। মশা নিধনে কার্যকর ওষুধ ব্যবহার করতে হবে। স্বাস্থ্য সেন্টারগুলোকে ডেঙ্গু কেন্দ্র ঘোষণা করার দাবিও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়রের পদত্যাগ দাবি করে বিএনপির এ নেতা বলেন, আমাদের মহাসচিব তাদের পদত্যাগ দাবি করেছেন। কারণ তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবশ্যই এই ব্যর্থতার দায়দায়িত্ব তাদেরকে নিতে হবে।

দেশে গুজব নয়, গজব নেমেছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, শিশু ধর্ষণ, বন্যা পরিস্থিতি, গণপিটুনিতে মানুষ হত্যা, নারী হত্যা, ডেঙ্গু কোনোটাই গুজব না। এগুলো আসলে গজব। সরকার তার ব্যর্থতা আড়াল করে ক্ষমতায় টিকে থাকার জন্য গুজব বলে চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শুধু ডেঙ্গু মোকাবেলা নয়, সবক্ষেত্রে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। কেননা অনির্বাচিত সরকার দিয়ে সমস্যার সমাধান হবে না।

এ সময়, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করে তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাকে মুক্তি দিয়ে পছন্দমত হাসপাতালে চিকিৎসার সুযোগ দিন।

সভাশেষে, ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির জন্য প্রেস ক্লাবের সামনের রাস্তায় একটি শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।#

 

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।