বিএনপির মুখে ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থার কথা মানায় না: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i72495-বিএনপির_মুখে_ডেঙ্গু_নিয়ে_জরুরি_অবস্থার_কথা_মানায়_না_কাদের
বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে বিএনপির যে সংকটে পড়েছে তা থেকে উদ্ধারের জন্যই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ০৩, ২০১৯ ১৮:০২ Asia/Dhaka
  • বিএনপির মুখে ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থার কথা মানায় না: কাদের

বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে বিএনপির যে সংকটে পড়েছে তা থেকে উদ্ধারের জন্যই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (শনিবার) দুপরে রাজধানীর ফার্মগেট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আজ দেশে ডেঙ্গু ও বন্যার্তদের পাশে দাঁড়ায়নি। তারা শুধু ডেঙ্গু ও বন্যা নিয়ে রাজনীতি করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেড় বছরে দেড় মিনিট আন্দোলন করতে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, তাই তাদের মুখে ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থার কথা মানায় না।’

দলীয় নেতাকর্মীদের কথা কম বলার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মানুষ বেশি কথা পছন্দ করে না। তারা শুধু কাজ পছন্দ করে। তাই কথা কম বলে সবাইকে ডেঙ্গু মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে।’

এর আগে গতকাল (শুক্রবার) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি, তার ডেঙ্গু নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছেন এগুলো অত্যান্ত হতাশাব্যঞ্জক এবং ক্ষমার অযোগ্য।

জিএম কাদের

সরকার ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হয়েছে: জিএম কাদের

এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজ দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী কলেজ মাঠে ত্রাণ বিতরণকালে বলেছেন, বর্তমান সরকার ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হয়েছে। মানুষ মশা দেখলেই ভয় পাচ্ছে। কারণ ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্কিত মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের।

চাইলেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব না: স্বরাষ্ট্রমন্ত্রী

এ পরিস্থিতিতে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ  দুপুরে রাজধানীতে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আর চাইলেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব না। এজন্য সবাইকে সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে হবে। দীর্ঘদিন এর বিরুদ্ধে কাজ করতে পারলে এ সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

যুদ্ধকালীন অবস্থা বিবেচনায় ডেঙ্গু মোকাবিলা করতে হবে: নাসিম

এ আগে রাজধানীতে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত ডেঙ্গু বিষয়ক এক  আলোচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য,  মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, যুদ্ধকালীন অবস্থা বিবেচনায় নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তিনি দাবি করেন, এডিস মশার উৎসগুলো ধ্বংস করতে সেনাবাহিনীসহ সব বাহিনীকে কাজে লাগান। যেকোনো মূল্যে মশা মারার কার্যকর ওষুধ ছিটাতে হবে।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩