ফটোসেশন করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়: বিএনপি নেতা ফারুক
https://parstoday.ir/bn/news/bangladesh-i72517-ফটোসেশন_করে_ডেঙ্গু_প্রতিরোধ_করা_সম্ভব_নয়_বিএনপি_নেতা_ফারুক
ডেঙ্গু দমন অভিযানের নামে মন্ত্রী-মেয়ররা ফটোসেশন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলা এবং বানভাসি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পত্রপত্রিকায় দুই মেয়র আর তথ্যমন্ত্রীর হাস্যকর ছবি প্রকাশিত হয়েছে। ফিল্মি স্টাইলে ফটোসেশনের জন্যই ডেঙ্গু দমন অভিযান চালানো হয়েছে। এভাবে কখনো ঢাকা শহর থেকে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ০৪, ২০১৯ ১৬:৫৬ Asia/Dhaka
  • মানববন্ধনে বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক
    মানববন্ধনে বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক

ডেঙ্গু দমন অভিযানের নামে মন্ত্রী-মেয়ররা ফটোসেশন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলা এবং বানভাসি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পত্রপত্রিকায় দুই মেয়র আর তথ্যমন্ত্রীর হাস্যকর ছবি প্রকাশিত হয়েছে। ফিল্মি স্টাইলে ফটোসেশনের জন্যই ডেঙ্গু দমন অভিযান চালানো হয়েছে। এভাবে কখনো ঢাকা শহর থেকে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।

আজ (রোববার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' নামে একটি সংগঠন।

বিএনপির এ নেতা বলেন, যে সরকার সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসে না, যে সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়, যে সরকার বিনা ভোটে নির্বাচিত হয়, যে সরকার জনগণকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেয় না, সেই সরকারের কাছে আমরা কীভাবে দাবি করতে পারি ডেঙ্গু দমনের জন্য। এজন্য যে কাজগুলো করা প্রয়োজন, সেটি না করে দুই মেয়র শুধু ফটোসেশন করছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। কিন্তু প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা করা দরকার, সেগুলো তারা করছেন না।

তিনি আরও বলেন, আমরা শুনছি ওষুধ আসছে, ওষুধ আসবে। কিন্তু সে ওষুধের উপকারিতা মোটেও নাই। প্রতিদিন হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কিন্তু সরকারের এমপি, মন্ত্রীরা শুধু মিডিয়ায় মুখরোচক কথা বলছেন। তারা বলছেন, ‘আমরা ডেঙ্গুতে সহনশীলতা নিয়ে আসছি’ কিন্তু মোটেও তা নয়।

জয়নুল আবদিন ফারুক আরো বলেন, আমি মনে করি, যেটা আমাদের দল থেকে দাবি করা হয়েছে, অনতিবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে জরুরি অবস্থা জারি করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনকে নিয়োগ করুন। আপনাদের মুখে বড় বড় কথা আর শুনতে চাই না।

এদিকে, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলা নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি ফের পেছানো হয়েছে। খালেদার আইনজীবীদের করা আবেদন গ্রহণ করে আগামী ২৭ আগস্ট শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ (রোববার) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান নতুন দিন ধার্য করেন। এরআগে ২৩ জুন মামলার চার্জ শুনানির তারিখ ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।