বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মহামারি না, স্বাভাবিকও না: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i72612-বাংলাদেশের_ডেঙ্গু_পরিস্থিতি_মহামারি_না_স্বাভাবিকও_না_স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলায় মশাবাহিত ডেঙ্গু রোগের প্রদুর্ভাবের মাঝে  আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিকে মহামারি বলব না, স্বাভাবিকও বলব না। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।’
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ০৭, ২০১৯ ১৮:১৩ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
    বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলায় মশাবাহিত ডেঙ্গু রোগের প্রদুর্ভাবের মাঝে  আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিকে মহামারি বলব না, স্বাভাবিকও বলব না। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।’

আজ (বুধবার) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগ বিষয়ে একটি  বৈজ্ঞানিক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মশা মারার দায়িত্ব আমাদের না। যখন কোনও মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসবে তাদের চিকিৎসার দায়িত্ব আমাদের। এজন্য সবাইকে নিজ অবস্থানে থেকে যার যার দায়িত্ব পালন করতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত বছর আমরা ১০ হাজার ডেঙ্গু রোগী পেয়েছিলাম। চলতি বছরে সরকারি হিসেবে ৩০ হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন। রোগীর সংখ্যা আরও বাড়লে তাদের সেবা দেওয়ার জন্য আমরা রাজধানীতে চারটি হাসপাতাল প্রস্তুত করছি। জাহিদ মালেক বলেন, ‘ঈদের সময় রোগীদের সেবা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সবার ছুটি বাতিল করা হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা চলবে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোকেও অনুরোধ করবো তারা যেন সেবা কমিয়ে না দেন।’

মসিউর রহমান রাঙ্গা

মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র: রাঙ্গা

এদিকে, জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা অভিযোগ করে বলেছেন. মশা নিধনের ৫০ কোটি টাকা দুই মেয়র লুটপাট করেছেন।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এডিস মশা নিধনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাঙ্গা বলেন, “এখন সংসদের অধিবেশন নেই তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র। যে মেয়র মশা মারতে পারেন না তাদের ডেঙ্গু মশার মতই বিদায় করতে হবে।”

ডেঙ্গু রোগের চিকিৎসা চলছে

ঢামেকে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৮ হলো।

মারা যাওয়া রোগীর নাম আওলাদ হোসেন (৩২)। বাড়ি মুন্সিগঞ্জ সদরে। বাবার নাম তোফাজ্জল হোসেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আওলাদকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) ভোরে তাঁর মৃত্যু হয়।

ইতোমধ্যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাদেশে ৫৩ কোটি টাকার থোক বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য বরাদ্দ ১৫ কোটি টাকা।

আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।