ডেঙ্গুতে স্বজন হারানো ও আক্রান্তদের পরিবারে নেই ঈদের আনন্দ
https://parstoday.ir/bn/news/bangladesh-i72749-ডেঙ্গুতে_স্বজন_হারানো_ও_আক্রান্তদের_পরিবারে_নেই_ঈদের_আনন্দ
বাংলাদেশে ঈদ-উল আজহার আনন্দে সবাই যখন মশগুল তখন অনেক পরিবারে ডেঙ্গুতে আক্রান্ত স্বজন হারানোর দীর্ঘশ্বাসে ভারী হয়ে রয়েছে পরিবেশ। 
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
আগস্ট ১২, ২০১৯ ১৮:১৯ Asia/Dhaka

বাংলাদেশে ঈদ-উল আজহার আনন্দে সবাই যখন মশগুল তখন অনেক পরিবারে ডেঙ্গুতে আক্রান্ত স্বজন হারানোর দীর্ঘশ্বাসে ভারী হয়ে রয়েছে পরিবেশ। 

রাজধানীতে জেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’দিন আগে মারা যাওয়া স্কুলছাত্র রাইয়ানের বাবা এবার ঈদের নামাজ পড়ে একবুক দুঃখ নিয়ে ঘরে ফিরেছেন। কিন্তু মায়ের কান্না কে মুছে দেবে?

এদিকে নগরীর ঈদের নামাজে ডেঙ্গুতে মৃতদের জন্য দোয়া করাসহ এ রোগ থেকে রেহাই পেতে মোনাজাত করা হয়েছে।

প্রেসিডেন্ট আবদুল হামিদ আজ বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ডেঙ্গুর ভয়াবহতার কথা উল্লেখ করে নগরীর পরিষ্কার পরিচ্ছনায় সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইতোমধ্যে ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়ালো চল্লিশে।

আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৬ জন

হাসপাতালের বিছানায় মেয়ের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছেন এক মা।

ঈদের ছুটিতে গত তিনদিনে ঢাকায় নতুন রোগী ভর্তি প্রায় ১৪ শতাংশ কমেছে আর ঢাকার বাইরে বেড়েছে ১০ শতাংশ।  চিকিৎসকরা বলছেন, এই সময়টায় সতর্ক থাকতে। বিশেষ করে এক সপ্তাহের মধ্যে জ্বর হওয়া রোগীদের ঢাকা না ছাড়ার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, সকালে ঈদের নামাজ শেষে দিনের প্রথম ভাগেই কোরবানি সম্পন্ন করে রাজধানীর বেশিরভাগ মানুষ নিজেরাই বর্জ্য অপসারণের কাজে হাত দিয়েছেন। বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১৪ হাজার পরিচ্ছন্নতাকর্মীর দল।

ওদিকে, আজ দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপতালে ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বছরের ৩৬৫ দিনই সবাই মিলে একসঙ্গে কাজ করে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।# 

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২