শেখ হাসিনাই এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছিলেন: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i73503-শেখ_হাসিনাই_এরশাদকে_ক্ষমতা_দখলের_সুযোগ_করে_দিয়েছিলেন_মির্জা_ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছিলেন। এরশাদের  সমর্থন নিয়েই আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১১:৩৯ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম
    মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছিলেন। এরশাদের  সমর্থন নিয়েই আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে। 

আজ (সোমবার) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন মির্জা ফখরুল। এ সময় জিয়াউর রহমানকে নিয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যক অসত্য বলেও দাবি করেছেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বরাবরই তিনি (শেখ হাসিনা) এরশাদকে সঙ্গে নিয়ে জোট করে ভোট করেছেন। এরশাদকে সঙ্গে নিয়েই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছেন। দেশে গণতন্ত্রকে হত্যা করে, এরশাদকেই বিরোধী দলে বসিয়েছেন। আর তার দলকে নিয়েই বর্তমান সরকার ক্ষমতা দখল করে আছে।

এর আগে গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন, ‘পঁচাত্তরে জাতির পিতার হত্যার পর জিয়া ক্ষমতা দখল করেন। তাকে অনুসরণ করে এরশাদ প্রথমে মার্শাল ল’জারি করেন। এরপর নিজেই ক্ষমতা দখল করেন।'

প্রধানমন্ত্রী আরো বলেন, ১৯৮২ সালে এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছিলেন খালেদা জিয়া। বিনিময়ে এরশাদ সাহেব তাকে দুটি বাড়ি এবং নগদ ১০ লাখ টাকাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছেন।

প্রধনমন্ত্রীর এ বক্তব্যে জবাবে আজ বিএনপিএ মহাসচীব  মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ  বরাবরই এরশাদের জাতীয় পার্টির কাছ থেকে সমর্থন সুবিধা নিয়ে ক্ষমতা দখলে রেখেছে।

রওশন এরশাদ

রওশন এরশাদ বিরোধীদলীয় নেত্রী

এদিকে, আজ জাতীয় সংসদের পক্ষ থেকে এক প্রজ্ঞাপন জারি করে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে উপনেতা নিয়োগ দেয়া হয়েছে।

অনেক নাটকীয়তার পর রোববার সন্ধ্যায় দলটির  পক্ষ থেকে এ মর্মে স্পিকারের কাছে চিঠি দেয়া হয়।

আজ (সোমবার) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি (২) (১) (ট) অনুযায়ী বিরোধী দলের নেতা এবং লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক