দুদুর বাসভবনে ছাত্রলীগের হামলা: ‘নজিরবিহীন গুণ্ডামি’ বললেন ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i73779-দুদুর_বাসভবনে_ছাত্রলীগের_হামলা_নজিরবিহীন_গুণ্ডামি’_বললেন_ফখরুল
আওয়ামী লীগ জনসমর্থনে নয়, সরাসরি গুণ্ডামির ওপর ভর করে দেশ শাসন করছে- মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাদের অপশাসনে সারাদেশ নরকে পরিণত হয়েছে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ০৮:০৯ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ জনসমর্থনে নয়, সরাসরি গুণ্ডামির ওপর ভর করে দেশ শাসন করছে- মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাদের অপশাসনে সারাদেশ নরকে পরিণত হয়েছে।’

বুধবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গা শহরের বাসভবনে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাদের অভিযুক্ত করে দলের মহাসচিব এই বিবৃতি দেন। তিনি এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং  অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

ফখরুল বলেন, আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বাড়িতে হামলায় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি কাপুরুষোচিত এবং নজিরবিহীন গুণ্ডামি। মানুষের বাকস্বাধীনতাকে খর্ব করতে এই হামলা সমগ্র জনগোষ্ঠীর জন্য একটি সতর্কবার্তা দিয়েছে আওয়ামী লীগ।

বিএনপি মহাসচিব বলেন, 'আওয়ামী লীগ জনসমর্থনে নয় সরাসরি গুণ্ডামির ওপর ভর করে দেশ শাসন করছে। তাদের অপশাসনে সারাদেশ নরকে পরিণত হয়েছে। রক্তের ঘ্রাণ নিতে অস্থির আওয়ামী শাসকগোষ্ঠী সারাদেশ দাঁপিয়ে বেড়াচ্ছে। রক্তপাত আর লাশের মিছিলের ছবি এখন সংবাদপত্রের পাতা ভরে থাকে। দুর্নীতি, লুটপাট, দখল, নারী-শিশু নির্যাতন, হত্যা ও গুমে ছেয়ে গেছে সারা বাংলাদেশ। আর এগুলোর হোতা স্বয়ং আওয়ামী পাণ্ডারা। একমাত্র সন্ত্রাস ছাড়া আওয়ামী লীগের আর কোনো অবলম্বন নেই।'

শামসুজ্জামান দুদু

উল্লেখ্য, দু’দিন আগে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি নিয়ে বক্তব্য দেয়ার কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে নিজ জেলা চুয়াডাঙ্গায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার রাতে দুই দফা মিছিল ও সমাবেশ থেকে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ ও তার পৈতৃক বাসভবন ভাঙচুর করেছে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। পরে চৌরাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতারা।

এদিকে, বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শামসুজ্জামান দুদুর বড় ভাই অ্যাড. মনিরুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে আসবাব ও ঘরের দরজা ভাঙচুর করেন। এ হামলায় মাথায় আঘাত পেয়েছেন তারিকুজ্জামান সজিবের স্ত্রী গৃহবধূ সজিফা খাতুন রত্না।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বাড়ির বারান্দায় থাকা একটি টেবিল ও তিনটি চেয়ার ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত আছে।’

গত সোমবার রাতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের টকশোতে (রাজকাহন) অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির ভাবনা কী?’ বিষয়ভিত্তিক ওই টকশোতে অন্য অতিথিদের সঙ্গে কথা প্রসঙ্গে বিএনপির আগামী দিনের কৌশলের কথা তুলে ধরে শামসুজ্জামান দুদু বলেন, ‘কৌশল হচ্ছে, আওয়ামী লীগকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনা বিদায় হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’#