বিএনপিই ঢাকাকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i73810-বিএনপিই_ঢাকাকে_ক্যাসিনোর_শহরে_পরিণত_করেছে_ওবায়দুল_কাদের
বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিএনপিই ক্যাসিনোর শহরে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (শুক্রবার) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৯ ০৯:৪৭ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিএনপিই ক্যাসিনোর শহরে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (শুক্রবার) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব-এর উদ্যোগে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আজ থেকে চার শত বছর আগে যখন এই শহর (ঢাকা) প্রতিষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীরনগর নামে মুঘল সাম্রাজ্যের সময়ে, তখন বঙ্গদেশের রাজধানী এই শহরের পরিচয় ছিল মসজিদের শহর হিসেবে। আজকে সেই মসজিদের শহর পরিণত হয়েছে ক্যাসিনো শহরে।

এর প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের আজ বলেন, বিএনপিই ঢাকাকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে। তাদের আমলেই ক্যাসিনোর শুরু।

ঢাকার একটি ক্যাসিনোতে র‍্যাবের অভিযান

তিনি আরও বলেন, সরকারের প্রথম দিকে অ্যাকশন শুরু হয়ে গেছে। শুধু দল-ই নয়, দুর্নীতি নানা অপকর্মের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঢালাওভাবে ছাত্রলীগ-যুবলীগের বিষয় নয়, যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। কাদের আরো বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে। সেটাই বিএনপির গাত্রদাহের কারণ।

সহযোগী সংগঠনগুলোর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আওয়ামী লীগ বিব্রত কি না জানতে চাইলে তিনি বলেন, উই আর হ্যাপি। দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চলছে এ অ্যাকশনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। এই অ্যাকশনের ফলে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। দুর্নীতি ও অনিয়ম রোধে যে শুদ্ধি অভিযান এটা সারাদেশেই ছড়িয়ে যাবে। সারাদেশের সবখানেই, যেখানে দুর্নীতি বা অনিয়ম হবে সেখানেই অভিযান চলবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন