সরকার আমাদের সমস্যাগুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারে না: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i75300-সরকার_আমাদের_সমস্যাগুলো_নিয়ে_ভারতের_সঙ্গে_কথা_বলতে_পারে_না_ফখরুল
বাংলাদেশের একসময়ের ক্ষমতাসীন দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, তাদের দল কখনো ভারত বিরোধিতা করেনি। ভারতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৬, ২০১৯ ১৫:৪৭ Asia/Dhaka
  • সেমিনারে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    সেমিনারে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের একসময়ের ক্ষমতাসীন দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, তাদের দল কখনো ভারত বিরোধিতা করেনি। ভারতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর একটি হোটেলে দলের সহযোগী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ‘ফেনী নদীর পানি চুক্তি : বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়’ শীর্ষক এক সেমিনারে মির্জা ফখরুল একথা বলেন। তিনি বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে তো বলি না, কারণ তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নেই। কিন্তু সমস্যা হলো আজকে এমন একটা সরকার, যে আমাদের সমস্যাগুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারে না। বার্গেনিং করতে পারে না। সেই শক্তিটা তাদের নেই।’

ফেনী নদীর পানি চুক্তির বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এটা এমন একটা সংসদ যেখানে এই চুক্তিগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের সংবিধানে বলা আছে যেকোনো চুক্তি নিয়ে সংসদে আলোচনা হতে হবে। অথচ তারা এ বিষয়ে কোনো আলোচনা করেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে সর্বোপরি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা একটি পুতুল সরকারে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকার আসার পর গত ১২ বছর থেকে শুনছি তিস্তা চুক্তি এই হয়ে যাচ্ছে, এই হয়ে যাবে। আমাদের সঙ্গে (ভারতের) সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে। অথচ তিস্তা থেকে আমরা এক ফোঁটা পানিও পাইনি।’

খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তাকে আটক রাখা হয়েছে এজন্য যে, তিনি হলেন স্বাধীনতা স্বার্বভৌমত্বের প্রতীক। ’

সরকারকে সরানোই বিএনপির মূল কাজ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে এই সরকাকে সরাতে হবে। এজন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। দলমত নির্বিশেষে সব মানুষকে এক করে দালালের মতো বসে থেকে যারা আমাদের সবকিছুকে তছনছ করে দিয়েছে তাদেরকে সরাতে হবে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।