আওয়ামী লীগ নিজেদের রাষ্ট্রের প্রভু বলে মনে করছে: মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‘বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেদের রাষ্ট্রের প্রভু বলে মনে করছে। দেশে এখন সুশাসনের অভাব, গণতান্ত্রিক চিন্তাভাবনা সরকারের মধ্যে নেই। লক্ষ্য যেহেতু একদলীয় সরকার, যেখানে সুশাসন প্রধান নয়।‘ আজ (মঙ্গলবার) ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন।
তিনি বলেন, “বর্তমানে দেশে ‘ওয়ান পার্টি অ্যান্ড ওয়ান পার্সন রুল’ চলছে। প্রধানমন্ত্রী যা বলবেন তাই সঠিক, এর বাইরে কিছু নয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ১৯৭২ সালে ক্ষমতায় গিয়ে বাকশাল কায়েম করে তারা প্রভু হয়ে গিয়েছিল। এরপর বিগত দশ বছর ধরে প্রভুত্ব করছে। এখন প্রভু হিসেবে চিরস্থায়ীভাবে পাকাপোক্ত হয়ে বসতে চায়।”
তিনি আরো বলেন, সরকার ক্ষমতা দখল করার পর অনভিজ্ঞ ও অদক্ষ লোকদের দ্বায়িত্ব দিয়েছে। একটি অস্থিতিশীল অবস্থায় দেশ পরিচালনা করার জন্য যে কৌশল, প্রজ্ঞা থাকা দরকার তা বর্তমান মন্ত্রীদের নেই।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। কারণ সরকার দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, সুশাসনসহ সব জায়গায় বিফল হয়ে যাচ্ছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হয়, তা এখানে অনুপস্থিত।
তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার লক্ষ্যে সকল ক্ষেত্রে দলীয় লোকজনকে নিয়োগ দিচ্ছে। এ খানে কোনো ভিন্নমতের লোকদের চাকুরী হয় না।
মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে সভা সমাবেশ, প্রতিবাদ করার সমস্ত অধিকার দেয়া আছে। আমরা সভা সমাবেশ করতে সরকারের অনুমতি চাই না। তবে, আমরা প্রশাসনকে অবহিত করতে চাই। এটা আমরা বরাবরই করে আসছি। কিন্তু সরকার একবারে গ্রাম্য মোড়লদের মতো আচরণ করছে। সমাবেশের অনুমতি দেয় না। দিলেও দুই ঘণ্টা আগে অনুমতি দেয় যাতে সভা আয়োজনের প্রস্তুতি নেয়া না যায়।” #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।