আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করলেন সভানেত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সংগঠনের মহানগর উত্তর ও দক্ষিনের সম্মেলন উদ্বোধন ঘোষণা করেছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, ক্যাসিনোকাণ্ডে রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়া সহ মহানগর আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতার নাম প্রকাশ হবার পর থেকেই দলীয় কাউন্সিলকে সামনে রেখে নতুন নেতা খুঁজতে তৎপর হয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড।
এরই মধ্যে বিতর্কিত ও অনুপ্রবেশকারী নেতাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি নতুন নেতৃত্বে কারা আসবেন, তারও খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে স্বচ্ছ ভাবমূর্তির একটি নতুন কমিটি উপহার দেবেন প্রধানমন্ত্রী ।

উল্লেখ্য,আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন হচ্ছে সাত বছর পর। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করে পৃথক দু”টি কমিটি ঘোষণা করা হয়েছিল।
প্রসঙ্গত, আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সব শাখার সম্মেলন করে কমিটি হালনাগাদ করার পরই কেন্দ্রের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে গত ২৩ নভেম্বর দলটির সহযোগী সংগঠন যুবলীগ,১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ এবং ৬ নভেম্বর কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।##
পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।