আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর: নানা উদ্যোগ
বাংলাদেশে এ বছর আয়কর আদায়ের পরিমাণ বাড়লেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ হয়েছে তিন লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা যার প্রায় ৩৬ শতাংশই আসবে আয়কর থেকে। এই লক্ষ্য অর্জনে নাগরিকদের করপ্রদানে উৎসাহ দিতে করমেলাসহ নানা উদ্যোগ নিয়েছে এনবিআর।
পয়েলা ডিসেম্বর ছিল ব্যাক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। কর আদায়ের লক্ষ্যমাত্রা অজর্নে এই সময় পর্যন্ত ৩০ লাখ রিটার্ন দাখিলের আশা করেছিল এনবিআর। তবে রিটার্ন পাওয়া গেছে প্রায় ২২ লাখ। আর এ থেকে আয় হয়েছে তিন হাজর ৮০০ কোটি টাকা।
এ প্রসঙ্গে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেছন, কাঙ্ক্ষিত মাত্রার আয়কর অর্জনে দেশের ব্যাংকখাত ও ব্যাক্তি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল রাখার পরামর্শ দেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।
আয়কর সংগ্রহের ধারাবাহিকতা প্রসঙ্গে ট্যাক্স আপিল ট্রাইবুনালের প্রেসিডেন্ট কালিপদ হালদার রেডিও তেহরানকে বলেন, অর্থ মন্ত্রণালয় বাজেট পেশ করার সময় রাজস্ব আয়ের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলেও তা পুরোপুরি অর্জন করা সম্ভব হয় না। তাছাড়া রাতারাতি কর আদায় বৃদ্ধির হার ৪০ বা ৫০ শতাংশ বৃদ্ধি সম্ভব নয়। তবে চলতি বছর কর আদায় গতবারের চেয়ে ১৫ থেকে ১৭ শতাংশ বেশী হতে পারে।
তিনি মনে করেন, নাগরিকদের আর্থিক আদান-প্রদান স্বচ্ছ পন্থায় সম্পন্ন হলে আয়কর বৃদ্ধি হবে। সেজন্য রাজস্ব বোর্ডের সংস্কার, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায় পর্যন্ত দাপ্তরিক কর্মকাণ্ড বিস্তৃত করা দরকার।
এনবিআরের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর আয়কর আদায় বেড়েছে। আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর ফাঁকি রোধে নিজেদের সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান এনবিআরের চেয়ারম্যান।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।