বিসিএস প্রশাসন একাডেমিতে প্রধানমন্ত্রী
জনগণের অর্থ মিতব্যায়িতার সাথে ব্যবহার করুন: কর্মকর্তাদের প্রতি শেখ হাসিনা
-
প্রধানমন্ত্রী বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমিতে বিসিএস প্রশাসন ও আইন কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে জনগণের অর্থ মিতব্যায়িতার সাথে জনগণের উন্নয়নের কাজে ব্যবহার করার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের প্রতি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের মালিক জনগণের সেবায় আইন ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি কর্মচারীকে চিন্তা করতে হবে, কতটুকু সেবা আমি দিতে পারলাম। নিজের পরিবারের সদস্যদের মতোই, দেশের মানুষের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। ঘুষ-দুর্নীতির বিষয়ে সাবধান হতে হবে।
টেকসই উন্নয়নের জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয়ে সবাইকে মিতব্যয়ী হতে হবে। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। আগামী দিনে যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন, তাদেরকেও উন্নয়ন কাজে সম্পৃক্ত করতে হবে।
সরকারি চাকরিজীবীদের আন্তরিকভাবে জনগণের সেবা করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সেবা নিশ্চিতে সরকারি কর্মীদের দুশ্চিন্তা দূর করার চেষ্টা চলছে। বেতন-ভাতা বাড়ানোর পাশাপাশি গাড়ি, ফ্ল্যাট-বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কর্মকর্তারা ভালোভাবে কাজ করলে দেশের উন্নয়ন হবে। তখন বিভিন্ন সুবিধা আরও বাড়ানো সম্ভব হবে ।
সততা ও আত্মত্যাগের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা পেতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতিরজনকের অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা পড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীতের সরকারগুলির শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা দেশের স্বাধীনতায়ই বিশ্বাস করে না, তারা দেশের উন্নয়ন কীভাবে করবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের আমলে জাতির পিতার খুনি ও যুদ্ধাপরাধীদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, তাই কোনো উন্নয়নই সম্ভব হয়নি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর পর আমরা ১৯৯৬ সালে সরকারে এসেছিলাম। তখন আমরা অনেক পরিকল্পনা নিয়েছিলাম। অনেককিছু আমরা বাস্তবায়নও করেছিলাম। তবে পাঁচ বছর পর আমরা আবার ক্ষমতার বাইরে চলে যাই। সেটারও কারণ আছে, দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় আসার চিন্তাও আমি করিনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছে, তাদের দেশের চেয়ে এক ভাগ হলেও আমি দারিদ্র আমার দেশে কমাতে চাই। আমি বিশ্বাস করি আমি এটা পারব।’#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।