রাজনীতিতে বিভেদের দেয়াল তৈরি করেছিল বিএনপি: সেতুমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i76442-রাজনীতিতে_বিভেদের_দেয়াল_তৈরি_করেছিল_বিএনপি_সেতুমন্ত্রী
জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিলে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, বিএনপির সঙ্গে রাজনীতির অলঙ্ঘিত দেয়াল কীভাবে ভাঙবেন তা নিয়ে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০২০ ১৫:৫০ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিলে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, বিএনপির সঙ্গে রাজনীতির অলঙ্ঘিত দেয়াল কীভাবে ভাঙবেন তা নিয়ে।

আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-(আইডিইবি)তে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সভাপতিত্বে দলের ত্রিবার্ষিক কাউন্সিল-২০২০ অনুষ্ঠিত হয়।

এ সময় আমন্ত্রিত অতিথির ভাষণে ওবায়দুল কাদের বলেন, ‘সেই ইতিহাস বেশিদিন আগের নয়। কী দৃষ্টিকোণ, কারা তখন ক্ষমতায়, কারা প্ল্যানার, কারা মাস্টারমাউন্ড সবাই জানে। ইতিহাসের এই নির্মম সত্যকে অস্বীকার করার উপায় নেই। তারপরও আজকের রাজনীতির এই অলঙ্ঘিত দেয়াল কীভাবে ভাঙব?

সরকারের চেষ্টার কমতি ছিল না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এত সবের পরও বেগম জিয়ার সন্তানের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়িতে ছুটে গিয়েছিলেন সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে। ঘরের দরজা, বাইরের দরজা, গেট বন্ধ করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার মুখের ওপর। এতে অলঙ্ঘিত দেয়াল আরও উঁচুতে উঠল। সেদিন যদি শেখ হাসিনা শোকাতুর মাকে সান্ত্বনা দিতে সেই গৃহে প্রবেশ করতে পারতেন, তাহলে রাজনীতিতে কর্মসম্পর্কের নতুন ইতিহাস সৃষ্টি হতে পারতো।’

এর আগে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন।

সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা সুসংহতকরণ, দারিদ্র্য বিমোচন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা কায়েমের প্রত্যয় নিয়ে এবার অনুষ্ঠিত হচ্ছে জেপির কাউন্সিল। সারা দেশ থেকে তিন হাজার কাউন্সিলর ছাড়াও আরও প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন আজকের কাউন্সিলে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান /এমবিএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।