বিএন‌পির বিজয়‌ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i76916-বিএন_পির_বিজয়_বাধাগ্রস্ত_করার_ষড়যন্ত্র_করছে_আওয়ামী_লীগ_ফখরুল
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজ‌নৈ‌তিকভাবে দেউলিয়া হয়ে বিএন‌পির বিজয়‌ নানাভাবে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০২০ ১৪:১২ Asia/Dhaka
  • বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজ‌নৈ‌তিকভাবে দেউলিয়া হয়ে বিএন‌পির বিজয়‌ নানাভাবে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার) সকাল সোয়া ১০টায় রাজধানীর বনানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শে‌ষে সাংবাদিকদের তি‌নি এ কথা ব‌লেন। এরপ‌র ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবরও জিয়ারত করেন বিএনপি মহাসচিব। এ সময়, বিএনপির দুই মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল ও ইশরাক হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে ছিলেন।

মির্জা ফখরুল আরও ব‌লেন, সিটি নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে প্রার্থীদের শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছ। নানাভাবে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। বর্তমান সরকার রাজনৈতিকভাবে শূন্য হয়ে, দেউলিয়া হয়ে বিএনপির বিজয় বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। এ সময়, ধা‌নের শী‌ষের প‌ক্ষে যে গণ‌জোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে, তা‌তে তা‌বিথ আউয়াল এবং ইশরা‌ক হোসেনের বিজয় কেউ ঠেকাতে পার‌বে না বলেও মন্তব্য করেন তিনি।

আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, রাজ‌নৈ‌তিক কার‌ণে আরাফাত রহমা‌ন কোকোর মৃত্যু হ‌য়ে‌ছে। অথচ তি‌নি রাজনী‌তি কর‌তেন না। প্রতি‌হিংসায় কো‌কোর ওপর শারী‌রিক ও মান‌সিক অত্যাচার করা হয়েছে। তার মা বিএনপি চেয়ারপার্সনকে অন্যায়ভাবে দুই বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। এ সময়, বেগম জিয়ার মুক্তিও দাবি করেন তিনি।

এদিকে, কিছু মিডিয়া তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, তারেক ও কোকো তো নষ্ট হওয়ার কথা। কিন্তু তারা তো নষ্ট হয়নি। তাদের কলঙ্কিত করেছে কিছু মিডিয়া, যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, অত্যাচার, নির্যাতন ও নিষ্ঠুরতা আসবে। তার মোকাবিলা করে যদি আমরা রাজপথে না থাকি, তাহলে দেশের মানুষ হতাশ হবে। দেশের মানুষ আমাদের ওপর অভিমান করবে।#

পার্সটুডে/ শামস মন্ডল/বাবুল আখতার/২৪