ঢাকা সিটিতে নতুন নির্বাচনের দাবি জানালেন মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i77214-ঢাকা_সিটিতে_নতুন_নির্বাচনের_দাবি_জানালেন_মির্জা_ফখরুল
ঢাকার সদ্য সমাপ্ত দুই সিটির ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১২:৫৯ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন
    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন

ঢাকার সদ্য সমাপ্ত দুই সিটির ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বুধবার) দুপুরে গুলশানের একটি কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। এ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নতুন নির্বাচনের আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন ফলাফল ঘোষণা করতে হবে।

এর আগে বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী ইশরাক হোসেন এবং তাবিথ আউয়াল ভোটের নানা অনিয়মে চিত্র তুলে ধরেন।

এ সময় ফখরুল বলেন, এই সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে এবং গণতন্ত্রের যতগুলো প্রতিষ্ঠান আছে, সেগুলো ধ্বংস করে ফেলেছে। এর উদ্দেশ একটাই ১৯৭৫ সালে যে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েও তারা করতে পারেনি এখন ভিন্ন কৌশলে সেই একদলীয় বাকশাল কায়েম করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত স্পষ্টভাবে লক্ষ্য করেছি, নির্বাচন কমিশনের অধীনে জনগণের কোনো আস্থা নেই বলে ভোটারদের উপস্থিতি ছিল না। আজকে অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে প্রশ্ন উঠেছে- এই ধরনের একটি নির্বাচনে যেখানে প্রকৃতপক্ষে ৭-৯ ভাগের বেশি ভোট পড়েনি সেই নির্বাচনে যারা জয়ী হতে পেরেছেন তাদের আসলে আইনগত যোগ্যতা থাকতো কি না জনগণের প্রতিনিধি হিসেবে?

বিএনপি মহাসচিব বলেন, এটা প্রমাণিত হয় গেছে গত ১০-১২ বছরে যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেই কারণেই আমরা বারবার বলেছি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার কখনই সম্ভব না। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।