'১০ বছরে ব্যাংকের কাছে বাংলাদেশ সরকারের ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা’
https://parstoday.ir/bn/news/bangladesh-i77263-'১০_বছরে_ব্যাংকের_কাছে_বাংলাদেশ_সরকারের_ঋণ_প্রায়_২_লাখ_কোটি_টাকা’
২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত, ১০ বছরে কেন্দ্রীয় ও তফসিলি ব্যাংকের কাছে বাংলাদেশ সরকার ১ লাখ ৯৫ হাজার ৭৮৩ কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ২১:২৫ Asia/Dhaka
  • অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল
    অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল

২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত, ১০ বছরে কেন্দ্রীয় ও তফসিলি ব্যাংকের কাছে বাংলাদেশ সরকার ১ লাখ ৯৫ হাজার ৭৮৩ কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মমতা হেনার প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অর্থমন্ত্রী জানান, গত ১০ বছরে সরকার কেন্দ্রীয় ও তফসিলি ব্যংক থেকে ১৩ লাখ ২৭ হাজার ৬২৪ কোটি টাকা ঋণ নেয়। এই সময়ে ১১ লাখ ৩১ হাজার ৮৪০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

মমতা হেনার আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১৪টি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সঙ্গে ২ হাজার ৬২১ কোটি টাকার ৩৪টি ঋণ ও অনুদান চুক্তি সই হয়েছে।

বিএনপি এমপি হারুনুর রশিদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক ঋণ/সহায়তার পরিমাণ ২৩ হাজার ২৩ কোটি টাকা।

গণফোরামের সংসদ সদস্য মুকাব্বির খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, পুঁজিবাজারে কিছু তারল্য সংকট থাকলেও ব্যাংকিং খাতে কোনো তারল্য সংকট নেই। তফসিলি ব্যাংকগুলোতে আবশ্যকীয় নগদ জমা (সিআরআর) সংরক্ষণ ও আবশ্যকীয়  সহজে বিনিময়যোগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের পরও অতিরিক্ত তারল্য রয়েছে। এ তারল্যের পরিমাণ ২০১৯ সালের জানুয়ারির ৬৭ হাজার ৬০১ কোটি টাকা থেকে বেড়ে ২০১৯ সালের ডিসেম্বরে ১ লাখ ৬ হাজার ১০১ টাকা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তাফা কামাল জানান, ব্যাংকিং খাতে ঋণ আদায়ের হার কম হওয়া এবং প্রাইভেট সেক্টরে ঋণের সরবরাহ কমে যাওয়ায় কাঙ্ক্ষিত হারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করছে না। এ কারণে পুঁজিবাজারে কিছুটা তারল্য সংকট রয়েছে বলে জানান মন্ত্রী।

সংরক্ষিত আসনের এমপি আবিদা আঞ্জুমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে ব্যক্তিপর্যায়ে করদাতার সংখ্যা ৪৫ লাখ ৬০ হাজার ৬৬৬ জন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।