আওয়ামী প্রতিহিংসার বেড়াজালে দেশের মানুষ এখন কাতরাচ্ছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i77270-আওয়ামী_প্রতিহিংসার_বেড়াজালে_দেশের_মানুষ_এখন_কাতরাচ্ছে_রিজভী
আওয়ামী প্রতিহিংসার বেড়াজালে দেশের মানুষ এখন কাতরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'অবৈধ ক্ষমতা ধরে রাখতে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে দেশে নব্য বাকশালী শাসন কায়েম করা হয়েছে। ফ্যাসিবাদের চূড়ান্ত সীমা অতিক্রম করে দেশকে এক ভয়াল নগরী বানানো হয়েছে। আওয়ামী প্রতিহিংসার রাজনীতির বেড়াজালে দেশ ও দেশের মানুষ এখন কাতরাচ্ছে।'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১২:০২ Asia/Dhaka
  • রিজভীর নেতৃত্বে বিএনপির মিছিল
    রিজভীর নেতৃত্বে বিএনপির মিছিল

আওয়ামী প্রতিহিংসার বেড়াজালে দেশের মানুষ এখন কাতরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'অবৈধ ক্ষমতা ধরে রাখতে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে দেশে নব্য বাকশালী শাসন কায়েম করা হয়েছে। ফ্যাসিবাদের চূড়ান্ত সীমা অতিক্রম করে দেশকে এক ভয়াল নগরী বানানো হয়েছে। আওয়ামী প্রতিহিংসার রাজনীতির বেড়াজালে দেশ ও দেশের মানুষ এখন কাতরাচ্ছে।'

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন রিজভী। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং সাজা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সনের কারাভোগের আজ ৭৩০ দিন। এই মহীয়সী নারী বিনা অপরাধে মিথ্যা মামলায় শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাজীবন অতিবাহিত করছেন। তার কারাবন্দিত্ব কেবলমাত্র এক ব্যক্তির হিংস্র প্রতিহিংসার কারণে। বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তিনি ক্রমান্বয়ে চলৎশক্তি হারিয়ে ফেলছেন। কিন্তু তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিনাভোটের সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে এবং গণতন্ত্রকে তাদের দুশমন হিসেবে গণ্য করে দেশ থেকে বিএনপিসহ সব বিরোধী দল ও মতকে উধাও করার মাধ্যমে একচ্ছত্র ও এক ব্যক্তির শাসন বলবৎ রাখতে চায়। হীরক রাজার দেশের মতোই বাংলাদেশের মন্ত্রী-নেতাদের উদ্ভট, অসামঞ্জস্য ও লাগামহীন কথাবার্তা এবং আচরণে দেশবাসী এখন অতিষ্ঠ হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আপনি যত ভয়ঙ্কর ডিক্টেটরই হন না কেন, জনগণের পুঞ্জীভূত ক্রোধ এখন বিস্ফোরণ উন্মুখ হয়ে আছে। যেকোনো সময় আপনার সরকার ভূতলে শায়িত হবে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।