সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি, সফল করার আহ্বান
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, ডিএমপির পক্ষ থেকে মৌখিকভাবে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এখন আমরা সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছি।
শনিবার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুইবছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি সমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
এদিকে, শনিবারের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামীকাল (শনিবার) যে জনসভার আয়োজন করা হয়েছে, আমি আশা করব, সেখানে আপনারা সবাই শক্তিশালী হয়ে উপস্থিত হবেন। আন্দোলন চলছে। আমরা সবেমাত্র সিটি নির্বাচন শেষ করেছি। এখন আন্দোলন নতুন একটা রূপ ধারণ করবে। সেজন্য সবাইকে সাহসী হতে হবে।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিটি নির্বাচনের প্রসঙ্গ টেনে আমির খসরু বলেন, বিএনপি শতভাগ আচরণবিধি মেনে চললেও আওয়ামী লীগ শতভাগ তা ভঙ্গ করেছে। আর ইভিএম হচ্ছে ভোট কেড়ে নেয়ার অস্ত্র। ভোটের সঙ্গে ইসির কোন সম্পর্ক নেই।
অন্যদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার মুক্তি দাবিতে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতারা। জুমার নামাজের পর মোহাম্মদপুর টাউন হল মসজিদের সামনে লিফলেট বিতরণ করেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিকে নিয়ে আতঙ্ক থাকেন। সেজন্য ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে বিএনপিকে একহাত নেন। আর বিএনপিকে নিয়ে তার বক্তব্যে আমাদের কিছু যায়-আসে না। তারা কীভাবে সারাদেশের মানুষের ওপর দমন-পীড়ন করছে, তা সারাবিশ্ব জানে। তাদের ওপর মানুষের যে আস্থা নেই সেটা সিটি নির্বাচনে প্রমাণ হয়ে গেছে।
এদিকে, বেলা ১১টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফটের বিতরণ করেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শাহবাগ ওষুধ মার্কেট ও আজিজ সুপার মার্কেটে লিফলেট বিতরণ করেন তিনি।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।