'খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন গড়তে তুলতে না পারায় লজ্জিত'
https://parstoday.ir/bn/news/bangladesh-i77327-'খালেদা_জিয়াকে_মুক্ত_করতে_আন্দোলন_গড়তে_তুলতে_না_পারায়_লজ্জিত'
যেকোনো প্রক্রিয়ায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। আজ (রোববার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের সমাবেশে এ কথা বলেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ১২:৫৮ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান
    বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান

যেকোনো প্রক্রিয়ায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। আজ (রোববার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বলতে চাই, জোটনেত্রীর মুক্তির জন্য সব প্রক্রিয়াই চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়ায় আমরা তার মুক্তির চেষ্টা করেছি। প্রশাসন চাইলেই তার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে, কিন্তু করছে না। সে ব্যাপারে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি, কথা বলেছি। আন্দোলনের বিভিন্ন প্রোগ্রামও হয়েছে।

এরপরও খালেদা জিয়াকে মুক্ত করতে না পারায় লজ্জিত বলে জানান জোট সমন্বয়ক। তিনি আরও বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে ধরনের আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, আমরা সেই আন্দোলন গড়ে তুলতে পারিনি। যে প্রক্রিয়ায় যেভাবে তিনি মুক্ত হতে পারেন, সে প্রক্রিয়ায় ২০ দলীয় জোট শিগগিরই যাবে। ২০ দলীয় জোট খালেদা জিয়ার মুক্তির দাবিতে এককভাবে কর্মসূচি ঘোষণা দেবে।

খালেদা জিয়াকে মুক্ত করার সব প্রক্রিয়ায় ২০ দলীয় জোট সম্পৃক্ত থাকবে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, তার মুক্তি দাবিতে ২০ দলীয় জোট আলোচনা করে কর্মসূচি দেবে। কারণ আমরা জানি তিনি কোনো অপরাধ করেন নাই। কাজেই অপরাধ থেকে কোনো মুক্তি চাই না আমরা। তবে, মানবিক ও গণতান্ত্রিক আচরণ আমরা নিশ্চয়ই চাই। আর সেই আচরণ না হলে জনগণ কিভাবে প্রতিক্রিয়া দেখায়, এই দৃষ্টান্ত তো সারা দুনিয়ায় আছে।

তিনি আরও বলেন, আমরা গণতান্ত্রিক পন্থায় আন্দোলন-সংগ্রাম করতে চাই এবং গণতন্ত্রের পথেই আমরা গণতন্ত্রের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে চাই। আমি বিশ্বাস করি, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের এই আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে।

জোট সমন্বয়ক বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়ে গেছে, খুন হয়েছে অনেক নেতা-কর্মী। এলাকাছাড়া হয়েছে তবুও কেউ দল ত্যাগ করেননি, আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। আর বাংলাদেশের মানুষ কখন জেগে ওঠে বোঝা মুশকিল, তারা অধিকারের জন্য কাউকে ছাড় দেয় না।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।