মানুষের দুঃখ-কষ্ট বোঝার ক্ষমতা আওয়ামী লীগের নেই: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i77880-মানুষের_দুঃখ_কষ্ট_বোঝার_ক্ষমতা_আওয়ামী_লীগের_নেই_মির্জা_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এমন পর্যায়ে চলে গেছেন যে, তাদের লোকজনদের ঘর থেকে, গোডাউন থেকে শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাদের এখন সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ব্যথা-বেদনা, কষ্ট বোঝার শক্তিও নেই।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০১, ২০২০ ১৩:১০ Asia/Dhaka
  • জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এমন পর্যায়ে চলে গেছেন যে, তাদের লোকজনদের ঘর থেকে, গোডাউন থেকে শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাদের এখন সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ব্যথা-বেদনা, কষ্ট বোঝার শক্তিও নেই।

আজ (রোববার) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

পানি-বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে, এতে জনজীবনে খুব একটা প্রভাব পড়বে না-আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের দুঃখ-দুর্দশা এখন তাদের কাছে কোনো ব্যাপার নয়। আমরা বহুবার বলেছি, এই দলটি এখন দেউলিয়া হয়ে গেছে। তারা মানুষের কষ্টটা বুঝতে পারে না। এখন কানাডায় বাড়ি, ইংল্যান্ডে বাড়ি, নিউইয়র্কে বাড়ি— এগুলোই তাদের প্রায়োরিটি।

ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, জনগণের কোনো ম্যান্ডেট না নিয়েই জোর করে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে আছে তারা। দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে। অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করছে। তাই যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দানবীয়, একনায়কতান্ত্রিক স্বৈরাচারী সরকারকে পরাজিত করতে হবে।

বিএনপি চেয়ারপার্সনের মুক্তি ও সুচিকিৎসা দাবি করে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়াকে মুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং করছি। আমরা মনে করি, তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র দেশের নেতা। তিনি গণতন্ত্রের মুক্তির নেতা। সেই কারণে তার অসুস্থতা আমাদের সবাইকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে।

তিনি আরও বলেন, এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার, সমস্ত মানবিক বোধ ধ্বংস করে দিয়েছে, তারা আজকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে আটকে রেখেছে। রাজনৈতিক উদ্দেশ্যেই তারা জামিন দিচ্ছে না। আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়া মুক্ত হবেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১