করোনাভাইরাস
বাংলাদেশে হোম কোয়ারেন্টাইনে ৯৬ জন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও তিনজন। নতুন কোনো রোগীর সন্ধান মেলেনি। আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের অবস্থা উন্নতির দিকে। এছাড়া সিঙ্গাপুরে আইসিইউতে থাকা একজন বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত আছে। দু’জন হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন।
আজ (বুধবার) করোনা সংক্রান্ত নিয়মিত ব্রিফিং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
দেশের বিমান ও স্থল বন্দরে নতুন স্ক্যানার বসানোর কথা জানিয়ে তিনি দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সকলে মিলে সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।
জোড়াতালি দিয়ে করোনা প্রতিরোধের চেষ্টা করছে সরকার: বিএনপি
তবে, করোনা মোকাবিলায় সরকারের উদাসীনতা ও ব্যর্থতার নিয়ে আবারো অভিযোগ করেছে বিএনপি।
আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জোড়াতালি দিয়ে করোনা প্রতিরোধের চেষ্টা করছে সরকার। করোনা ভাইরাস নিয়ে দেশজুড়ে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হলেও সরকার রীতিমতো এ নিয়ে চরম উদাসীনতা ও খামখেয়ালিপনা প্রদর্শন করে যাচ্ছে। মেগা প্রকল্পের নামে দেশে হরিলুট চললেও মানুষের জীবন বাঁচাতে কোনো ব্যবস্থা দেয়নি সরকার। করোনাভাইরাস মোকাবেলায় সরকারের কোনো কার্যকর প্রস্তুতি নেই।
হোম কোয়ারেন্টাইনে ৯৬ জন
এদিকে বাড়তি সতর্কতার জন্য দেশের বিভিন্ন জেলায় বিদেশ ফেরত মানুষদের অন্তত দু’সপ্তাহ ‘হোম কোয়ারেন্টাইনে’ বা স্বেচ্ছায় ঘরে অবস্থান করতে বলা হয়েছে।
মানিকগঞ্জে বিদেশ ফেরত ৫৯ জন ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাবনায় বিদেশ ফেরত তিন ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। তবে ওই তিন জনের শরীরে করোনা আক্রান্তের কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে কিশোরগঞ্জের ভৈরবে তিন দিনে মোট ৩৪ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা ৩২ জন পুরুষ। তাঁরা সবাই বিদেশফেরত। বাকি দুজন নারী।
এদিকে আজ বুধবার থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড লাগোয়া স্থানে নির্মাণাধীন ট্রমা সেন্টারে ৫০ শয্যার একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে।

ট্রেন ভ্রমণে নজরদারী
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় এ সংক্রমণে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের কাছে অন্তত ১৫ দিন পর্যন্ত ট্রেনের টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে এ সময়ের মধ্যে ট্রেনে ভ্রমণ করতে পারবেন না তারা।
রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন গণমাধ্যমকে বলেন, এখনও এ গণপরিবহনটি বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়নি। আপাতত আমরা প্রত্যেক বগিতে সচেতনতামূলক লিফলেট ও অডিও, ওয়াশরুমে হ্যান্ড স্যানিটাইজার রাখছি। এছাড়া ঢাকা, খুলনা ও বেনাপোল স্টেশনে তাপমাত্রা পরিমাপক যন্ত্র বসিয়েছি।
নতুন স্ক্যানার বসেছে
করোনা ভাইরাস প্রতিরোধে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন তিনটি থার্মাল স্ক্যানার বসেছে। গতকাল (মঙ্গলবার) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটর এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানারগুলো বসানো হয়। এছাড়া বেনাপোল স্থলবন্দরেও নতুন একটি থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।
কক্সবাজারে সতর্কতা
এগারো লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আর দেশি-বিদেশি পর্যটকের সমাগম কক্সবাজারে। তাই সেখানে করোনার ঝুঁকি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির কথা বলছে প্রশাসন। এজন্য বিশেষ পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে বিমানবন্দর, স্থলবন্দর, পর্যটনস্পট এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো।
উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এখন বসবাস করছে এগারো লাখের বেশী মানুষ। সবমিলে ঘনবসতিপূর্ণ জায়গা বলে ক্যাম্প ঘিরে করোনাভাইরাস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় রামু ও চকরিয়ায় প্রস্তুত রাখা হয়েছে, একশ’ শয্যার আইসোলেশন ইউনিট।
প্রবাসীদের উদ্বেগ
যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক বাংলাদেশি মারা যাওয়ার ঘটনায় প্রবাসীদের মধ্যে বেড়েছে আতঙ্ক। এদিকে, করোনা প্রতিরোধে জরুরি বৈঠকে বিস্তার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
যুক্তরাজ্যে প্রতিদিনই গড়ে ৫০ জনের মতো আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। বাড়ছে মৃতের সংখ্যাও। ইতোমধ্যে দেশটিতে পঁচিশ হাজারের বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে।
এ ছাড়া, করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বাহরাইনে আটকা পড়েছেন সৌদি আরবগামী ৬৮ বাংলাদেশি যাত্রী। বাহরাইন হয়ে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তাদের দেশে ফেরত পাঠতে তৎপরতা শুরু করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১