প্রয়োজন ছাড়া প্রবাসীদের এই মুহূর্তে দেশে আসার প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i78202-প্রয়োজন_ছাড়া_প্রবাসীদের_এই_মুহূর্তে_দেশে_আসার_প্রয়োজন_নেই_স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনোয় আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের যেকোনো দিন ছাড়া হবে। আমরা অনেককে কোয়ারেন্টাইনে রেখেছি। যাদের করোনাভাইরাস নেই, তাদেরকে ছেড়ে দেবো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১২, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka
  • জাহিদ মালেক
    জাহিদ মালেক

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনোয় আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের যেকোনো দিন ছাড়া হবে। আমরা অনেককে কোয়ারেন্টাইনে রেখেছি। যাদের করোনাভাইরাস নেই, তাদেরকে ছেড়ে দেবো।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দুই মাস ধরে করোনাভাইরাস প্রতিরোধে চীনকে অনুসরণ করে কাজ করছি। চীনে করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থায় এ ভাইরাস আমরা ঠেকিয়ে রাখতে পেরেছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রয়োজন ছাড়া প্রবাসীদের এই মুহূর্তে দেশে আসার প্রয়োজন নেই। কেউ আসলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যিনি বিদেশ থেকে আসছেন, জনগণ তাকে চিহ্নিত করছেন। এরপর তাকে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে।'

তিনি বলেন, “কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়া রোধ করতে দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্র বন্দরে আসা যাত্রীদের পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে সরকার। থার্মাল স্ক্যানারের সঙ্কট ও যাত্রীর চাপের কারণে স্ক্যানিং মেশিন নষ্ট হয়ে সমস্যা দেখা দিয়েছিল কিন্তু আমরা ইতোমধ্যে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করেছি।”

সংবাদ সম্মেলনের একপর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সামিট গ্রুপ পাঁচটি থার্মাল স্ক্যানার দিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এগুলো আমাদের অনেক উপকারে আসবে।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।