করোনাভাইরাস: ১৮ মার্চ থেকে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
https://parstoday.ir/bn/news/bangladesh-i78321-করোনাভাইরাস_১৮_মার্চ_থেকে_বাংলাদেশের_সব_শিক্ষা_প্রতিষ্ঠান_বন্ধ
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলকভাবে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৬, ২০২০ ০৯:১২ Asia/Dhaka
  • করোনাভাইরাসের সংক্রমণের জেরে মাস্ক পরে ক্লাসে আসছে শিক্ষার্থীরা। ছবিটি সিলেটের একটি প্রাথমিক বিদ্যালয়ের।
    করোনাভাইরাসের সংক্রমণের জেরে মাস্ক পরে ক্লাসে আসছে শিক্ষার্থীরা। ছবিটি সিলেটের একটি প্রাথমিক বিদ্যালয়ের।

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলকভাবে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে দুপুর ১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ব্রিফিংয়ে বলেন, ‘করোনাভাইরাস থেকে সতর্কতার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। অভিভাবকরা যেন নিশ্চিত করেন শিক্ষার্থীরা যার যার বাসায় থাকবে। করোনাভাইরাস মোকাবিলায় যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া আছে, তা যেন তাঁরা নিশ্চিত করেন। সবাইকে এটি খেয়াল রাখতে হবে।’

ডা. দীপু মনি বলেন, ‘আমরা সার্বক্ষণিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছি। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

মন্ত্রী বলেন, ‘কম বয়সী, বিশেষ করে ৩০ বছরের নিচে সংক্রমণ ও মৃত্যুর হার কম। এর চেয়ে বেশি মৃত্যু হয় রোড অ্যাক্সিডেন্টে। যেভাবে ছড়াচ্ছে সেই সংক্রমণ আমরা চাই না। আমরা অবস্থা দেখব। সামনে রোজা, গ্রীষ্মকালীনসহ অন্য ছুটি আছে। সেই ছুটিও যোগ হতে পারে। আমরা চাই শিক্ষার্থীরা যেন কোনোভাবে সংক্রমণের শিকার না হয় বা তাদের কারণে যেন অন্যরা সংক্রমিত না হয়।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। সেই সময়ে পরীক্ষা শুরু হবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষার বিষয়ে সেই তারিখের কাছাকাছি গেলে সিদ্ধান্ত নিতে পারব। একদম গোড়া থেকে প্রেডিক্ট করা যায় না। একেক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হয়। ১ এপ্রিলের সিদ্ধান্ত এখনই নয়। আরো কাছাকাছি গেলে তারপর সিদ্ধান্ত নেব। কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হব না। আবার আগ বাড়িয়ে সিদ্ধান্ত নেব না। অবশ্যই কোচিং সেন্টার বন্ধ থাকবে। স্কুলই অ্যালাউ করছি না। স্কুলে থাকছি না মানে বাসায় থাকছি। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি কোচিং সেন্টারও বন্ধ থাকবে।’

এর আগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘১৭ মার্চ সাধারণ ছুটি। ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হবে। প্রতিমন্ত্রী মহোদয় এলেই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০ দিন বন্ধ ঘোষণা

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ১০ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ বন্ধ থাকবে।

শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান।

ভিসি বলেন, ‘শিক্ষার্থীরা যেন ক্ষতির সম্মুখীন না হয়, তার জন্য যে সময়টুকু ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে, সে সময়টুকু আমাদের গ্রীষ্মকালীন ছুটির সময়টাতে সমন্বয় করে পুষিয়ে দেওয়া হবে।’

১৮ মার্চ থেকে রাবি বন্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী বুধবার (১৮ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।

এর আগে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে। সব ধরনের সভা-সমাবেশও নিষিদ্ধ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভিসির কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ জরুরি বৈঠকে বসে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ক্যাম্পাস বন্ধ ঘোষণার দাবিতে গতকাল রোববার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশে এ পর্যন্ত আট ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন সুস্থ হয়েছে। সারাদেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।