করোনা পরীক্ষার আগেই সিলেটে আইসোলেশনে থাকা ব্রিটেনফেরত নারীর মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ব্রিটেনফেরত এক নারীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। সিলেট শহরেই তার বাড়ি।
সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, আজ (রোববার) ভোর রাতে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। ওই নারীর নমুনা সংগ্রহ করার জন্য আইইডিসিআরের প্রতিনিধিদের রোববার সিলেটে আসার কথা ছিল। কিন্তু তার আগেই তার মৃত্যু হল।
চিকিৎসকরা জানান, ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশির সঙ্গে শাসকষ্টে ভোগার পর গত ২০ মার্চ ওই নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। সিলেটের এ হাসপাতালেই কোভিড-১৯ এর চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট করা হয়েছে। ওই নারীর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণের উপসর্গ থাকলেও পরীক্ষা না হওয়ায় চিকিৎসকরা এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
হাসপাতাল সূত্র আরও জানায়, ওই হাসপাতালে সৌদি ফেরত এক নারী ও কিশোরসহ এখনো তিনজন চিকিৎসাধীন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ২৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে আইইডিসিআর। এছাড়া, মারা গেছেন দুইজন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩