২৬ মার্চ থেকে বাংলাদেশে গণপরিবহন লকডাউন, বন্ধ হচ্ছে নৌযান ও ট্রেন
https://parstoday.ir/bn/news/bangladesh-i78519-২৬_মার্চ_থেকে_বাংলাদেশে_গণপরিবহন_লকডাউন_বন্ধ_হচ্ছে_নৌযান_ও_ট্রেন
করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা বাংলাদেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (মঙ্গলবার) মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় এ কথা জানান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৪, ২০২০ ০৯:১৪ Asia/Dhaka
  • ২৬ মার্চ থেকে বাংলাদেশে গণপরিবহন লকডাউন, বন্ধ হচ্ছে নৌযান ও ট্রেন

করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা বাংলাদেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (মঙ্গলবার) মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় এ কথা জানান।

তবে, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

এর আগে, করোনার কারণে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া বাংলাদেশের সব লোকাল ও মেইল ট্রেন সীমিত আকারে চলবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। সোমবার (২৪ মার্চ) সকালে এমন ঘোষণা দেওয়া হয়েছে। ২৬ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব প্রকার ট্রেন সীমিত আকারে চলবে।

এর আগে, রোববার (২২ মার্চ) দেশের সুপার মার্কেটগুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

এদিকে, করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে দেশের সব বিভাগীয় মহানগর ও জেলা সদরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের কথা জানানো হয়। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।