করোনাভাইরাস
বাংলাদেশি নাগরিকদের ফেরত নিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের চাপ
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংকটের মধ্যে বিভিন্ন দেশ থেকে অভিবাসী ফেরত নিতে চাপ বাড়ছে বাংলাদেশের ওপর। এর মধ্যে তিন উপসাগরীয় দেশ বাহরাইন, কাতার ও কুয়েত সরকার জানিয়েছে, তারা প্রায় ৩৮ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায়। একইসঙ্গে সিঙ্গাপুর, কোরিয়া ও মালদ্বীপ থেকেও অভিবাসী ফেরত নেয়ার চাপ বাড়ছে বাংলাদেশ সরকারের ওপর।
এত বিশাল সংখ্যক অভিবাসীদের আনতে মিত্রদের কাছ থেকে সহায়তা চাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ।
আজ (সোমবার) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানানো হয়, মধ্যপ্রাচ্যীয় দেশগুলো বেশকিছু সময় ধরেই অনিয়মিত ও বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশি নাগরিকদের ফেরত নেয়ার চাপ দিচ্ছে। সরকারকে এসব অভিবাসীদের চার্টার্ড ফ্লাইটে করে ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে আলোচনা চলছে।
গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে কয়েকটি দেশ তাদের দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনার জন্য চিঠি দিয়েছে।
বাংলাদেশ প্রত্যেক দেশের কাছে তারা যেসব বাংলাদেশিদের ফেরত পাঠাতে চান, তাদের তালিকা চেয়েছেন। কুয়েত ইতিমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ৩৫০ জনের তালিকা পাঠিয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।