বাংলাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ছাড়াল
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জনে। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ১২ জনে দাঁড়িয়েছে। গত এক দিনে নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেননি। এ পর্যন্ত মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০৯ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাতজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন।’
আইইডিসিআরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, 'এখন পর্যন্ত চার হাজার ৪২ জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। আমাদের মোট আইসোলেশন শয্যা আছে সাত হাজার ৬৯৩টি। আর এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে।’
সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন বলেও জানান নাসিমা সুলতানা। তিনি জানান, সব হাসপাতালে আইসিইউর সংখ্যা আছে ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট আছে ৪০টি।
আইইডিসিআরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, পরীক্ষার জন্য বর্তমানে পিসিআর পদ্ধতি ব্যবহার করে ১৭টি ল্যাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরীক্ষা আরও সম্প্রসারণের জন্য আগামী ৭-১০ দিনের মধ্যে নতুন কয়েকটি প্রতিষ্ঠান কাজ শুরু করবে। নতুন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট। এ ছাড়া, কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও পরীক্ষার কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুতি চলছে।
বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়ছে শনাক্ত রোগী।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।