বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত: রাজশাহী-নীলফামারী লকডাউন
বাংলাদেশে একদিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক ৭ জন প্রাণ হারিয়েছে এবং নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২০৯ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ এবং সর্বমোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১০১২ জন।
আল বারাকা হাসপাতালের ডাক্তারসহ আক্রান্ত ৯
এদিকে, রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ আল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হবার পর হাসপাতালটি আজ লকডাউন করে দেয়া হয়েছে।
বরিশালে চিকিৎসক আক্রান্ত
ঢাকার বাইরে, বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসক ও নার্সসহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানিয়েছেন, আক্রান্তদের
মধ্যে রয়েছেন আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিযুক্ত একজন মেডিক্যাল অফিসার, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং একই উপজেলার স্থানীয় এক নারী এবং গৌরনদী উপজেলার এক ব্যক্তি।

রাজশাহী লকডাউন
করোনা ভাইরাস প্রতিরোধে আজ রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পুঠিয়া ও বাগমারায় দু'জন করোনা রোগী শনাক্ত হওয়ায় রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক মঙ্গলবার সকালে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন। তবে জরুরি পরিসেবা- চিকিৎসা সেবা, কৃষিপণ্য-খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী লকডাউনের আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জে করোনাভাইরাস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই ঢাকা-নারায়ণগঞ্জ থেকে বিপুলসংখ্যক মানুষের রাজশাহী আসার প্রবণতা দেখা দিয়েছে। ইতোমধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে আসা দুই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই সিভিল সার্জনের সুপারিশ এবং জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল সংস্থার মতামতের ভিত্তিতে করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী জেলাকে লকডাউন করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।
নীলফামারী লকডাউন
উত্তরের জেলা নীলফামারীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আজ ১৪ই এপ্রিল দুপুরে পুরো জেলাকে লকডাউনের আওতায় নেয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মো.হাফিজুর রহমান চৌধুরী এ লকডাউনের আদেশ জারি করেন। নীলফামারী সরকারি কলেজের প্রথম বর্ষের এক ছাত্র নারায়গঞ্জ থেকে ফিরে শহরের একটি ছাত্রাবাসে অবস্থান করে নিজবাড়ী জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে গিয়ে অসুস্থ হয়ে ডোমার হাসপাতালে ভর্তি হয়। ওখান থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পজেটিভ রেজাল্ট আসায় এ লকডাউনের সিদ্ধান্ত বলে জানা গেছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪