বাংলাদেশে করোনায় মৃত্যু ১০০ ছাড়াল, আক্রান্ত প্রায় ৩০০০
বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা একশ’ ছাড়িয়েছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন যা একদিনে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাস সংক্রমণের ফলে মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।
করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে আজ (সোমবার) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭৭৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ হাজার ৬০৪টি। নমুনা সংগ্রহ ও পরীক্ষার পরিমাণ আগের তুলনায় বেড়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৮৫ জন।
ডা. নাসিমা সুলতানা আরও জানান, মৃতদের মধ্যে আটজন পুরুষ এবং দুইজন নারী। এদের পাঁচজন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জে চারজন এবং নরসিংদীতে একজন রয়েছেন। তাছাড়া, গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। আক্রান্ত হওয়ার হার গত দিনের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
গোপালগঞ্জে আক্রান্ত ৩০
ওদিকে, প্রধানমন্ত্রীর নিজ জেলা গোপালগঞ্জে গত ৪৮ ঘণ্টায় ৬ পুলিশ সদস্যসহ নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জন। জেলায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পওয়ায় মানুষের মাঝে আাতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ জেলাকে লকডাউন করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৪ জন, কোটালীপাড়ায় ১ জন ও মুকসুদপুর উপজেলায় ১৬ জন রয়েছেন।
এছাড়া গত ৪৮ ঘণ্টায় ৫ উপজেলায় নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে সদর উপজেলায় ১ জন, টুঙ্গিপাড়ায় এক দম্পত্তি ও মুকসুদপুরের ৬ জন রয়েছেন।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, আক্রান্তদের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।