বাংলাদেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪
বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয় জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। এ ছাড়া, আক্রান্ত আরও ৪৩৪ জন নতুন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৮২ জনে।
আজ (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেগুলোর মধ্যে ৩ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৩৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮২ জনে।
স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, অন্যদিকে একই সময়ের মধ্যে ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন আরও ৯ জন। এদের মধ্যে ষাটোর্ধ্ব আছেন তিন জন, ৫০-৬০ বছর বয়সের মধ্যে তিন জন এবং ৪০-৫০ বছর বয়সের মধ্যে আছেন তিন জন। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও চার জন নারী। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও দুই ব্যক্তি। ফলে মোট সুস্থ রোগীর ৮৭ জন।
এ পর্যন্ত সর্বমোট ২৯ হাজার ৫৭৮ জনের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, বরাবরের মত এবারও ঢাকা জেলায় বেশি রোগী শনাক্ত হয়েছে।
এ সময় তিনি ভাইরাসটির বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।