বাংলাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪ হাজার ছাড়াল
-
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। মোট মৃত্যুর সংখ্যাও বেড়ে হলো ১২৭ জন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ মোট ১০৮ জন সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, নতুন মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী। তাদের সবাই ঢাকার।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯২১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪১৬টি নমুনা।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
বাংলাদেশে গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। রোববার এ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে পরে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতা বৃদ্ধির প্রেক্ষিতে চলমান সাধারণ ছুটি গতকাল আরো ১০ দিন বৃদ্ধি করেছে সরকার। ফলে আগামী ৫ মে পর্যন্ত সরকারি- বেসরকারি অফিস বন্ধ থাকবে।
ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।