করোনার তথ্য-উপাত্ত নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i79680-করোনার_তথ্য_উপাত্ত_নিয়ে_সরকার_জনগণের_সঙ্গে_প্রতারণা_করছে_মির্জা_ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সরকার সঠিক তথ্য-উপাত্ত সরবরাহ করছে না। করোনা সংক্রমণ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৭, ২০২০ ১৬:১৭ Asia/Dhaka
  • গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম  প্রদান করেন মির্জা ফখরুল ইসলাম
    গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান করেন মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সরকার সঠিক তথ্য-উপাত্ত সরবরাহ করছে না। করোনা সংক্রমণ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

আজ (বৃহস্পতিবার) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়  গ্রেফতারকৃত  সব সাংবাদিকদের মুক্তির দাবি জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে সরকারের তরফ থেকে আক্রান্ত, অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর যে ডাটাগুলো দেওয়া হচ্ছে- আমার তো মনে হয় দেশের কোনো মানুষ তা বিশ্বাস করে না। এটা বিজ্ঞানের কথা- সংক্রমণ যখন বাড়ছে, উপর দিকে যাচ্ছে তখন মৃত্যু ২/৩/৪ এ দেখানো হচ্ছে। অথচ সেদিনই ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বলছেন যে, “আমার এখানে ৩১ জন মারা গেছেন, কয়েকজনের ডায়গোনেসিস হয়েছে করোনা পজিটিভ, বাকিদেরটা আমরা এখন পর্যন্ত টেস্ট করিনি।”

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কাছে তথ্য হচ্ছে যে, টেস্ট করা হয় না। মাঝে মধ্যে করা হয়। এটাকে কী সরকার বলবেন আপনারা? যাদের এতটুকু দায়িত্ববোধ নেই, যারা চরম দুর্দিনেও জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না, জনগণকে বিভ্রান্ত করছে, জনগণের সাথে প্রতারণা করছে। এটা ক্রিমিনাল অফেন্স ছাড়া কী বলব আমরা?’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আজকে প্রশ্ন হচ্ছে জীবনের, আর এরা খুলে দিয়েছেন শপিংমল। কেন? ঈদের বাজার করতে হবে আর অর্থনীতিকে চালু রাখতে হবে। এতদিন কি করলেন? এই যে মধ্য আয়ের দেশে চলে গেলেন, অর্থনীতি আপনার রোল মডেল বিশ্বের মধ্যে। কেন বর্তমান অবস্থাকে ধারণ করার মতো শক্তি এই ইকোনমির তৈরি হয়নি। কারণ আপনারা পুরোটাই মিথ্যা কথা বলেছেন, মানুষকে প্রতারণা করেছেন, ভুল বুঝিয়েছেন। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা ব্যর্থ হয়েছেন। যখন স্বাভাবিক অবস্থা ছিল তখনও ব্যর্থ হয়েছেন, আজকে যখন যুদ্ধাবস্থা বলা যেতে পারে চরম দুর্যোগ-মহামারি, সেই সময় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তখন আপনি সেটাকে নাকচ করে দিয়ে বলেছেন, যে কোনো দরকার নেই।’

তৈরি পোশাক কারখানাগুলো খুলে দিয়ে সরকার ক্ষমাহীন অপরাধ করছে- অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে প্রতিটি মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে। এই যে গার্মেন্টসগুলোকে উনারা (সরকার) খুলে দিলেন, গার্মেন্টস খুলে দিয়ে কী করলেন? বাইরের এলাকাগুলো থেকে সব চলে আসলো। যারা সংক্রমিত হয়ে চলে গিয়েছিল আবার সংক্রমিত হয়ে ফেরত আসলো। আজকের পত্রিকায় নিউজ আছে যে, কুমিল্লায় সংক্রমিত হয়ে গেছেন তিন দিন আগে, তাকে তার বাসায় ঢুকতে দেয়নি তার সন্তান-স্ত্রী, তার বোনের বাসায় গেছেন, সেখানে তিনি মারা গেছেন। এই যে ভয়াবহ পরিণতির দিকে তারা (সরকার) গোটা জাতিকে ঠেলে দিচ্ছেন- এটা আসলে ক্ষমাহীন অপরাধ।’

ফখরুল আরও বলেন, ‘আমি তো মনে করি যে, দিস ইজ অ্যা ক্রিমিনাল অফেন্স। এই ধরনের ভুল, এটা ভুল নয়, এগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স। এ দেশের মালিক হচ্ছে জনগণ। জীবনের অধিকার তাদের ফান্ডামেন্টাল রাইট টু লিভ। সেই জায়গায় তারা আঘাত করছেন।'

করোনাভাইরাসের সংবাদ সংগ্রহে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, ‘দেখুন-গণমাধ্যমের যারা সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশ করছেন তাদের কী অবস্থা। বিভিন্ন জায়গায় ছাঁটাই হয়ে গেছেন এই দুঃসময়ে, অনেক প্রতিষ্ঠানে বেতন বন্ধ হয়ে আছে তিন মাস যাবত। সেখানে কিন্তু সরকারের কোনো প্রণোদনা নেই। এই যে সরকার ৯৫ হাজার কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা করেছে যেটাকে আমরা বলেছি যে পুরোটাই শুভংকরের ফাঁকি। সেই প্রণোদনাতে সাংবাদিকদের কথা কিছুই বলা নেই।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭