বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৪১, আরও ১৪ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i79871-বাংলাদেশে_২৪_ঘণ্টায়_করোনায়_আক্রান্ত_১০৪১_আরও_১৪_জনের_মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ১০৪১ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৮ হাজার ৮৬৩ জন। এছাড়া, নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের।  ফলে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৪, ২০২০ ১০:৩৫ Asia/Dhaka
  • অধ্যাপক ড. নাসিমা সুলতানা
    অধ্যাপক ড. নাসিমা সুলতানা

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ১০৪১ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৮ হাজার ৮৬৩ জন। এছাড়া, নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের।  ফলে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে। 

আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা।

তিনি জানান, এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩০টি।  আর  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ৭ হাজার ৮৩৭টি। দেশের ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৯২টি। এর মধ্যে ১ হাজার ৪১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জন।

অধ্যাপক ড. নাসিমা সুলতানা বলেন, নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং তিনজন নারী। ঢাকায় ৯ জন মারা গেছেন। বাকি পাঁচজন চট্টগ্রামে। এই ১৪ জনের মধ্যে ২ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরেরর মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

নাসিমা সুলতানা জানান, ঢাকায় মোট ৪৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেয়া হয়েছে ২১০ জনকে। বর্তমানে সারাদেশে আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৫৭০ জন।

সাংবাদিক আক্রান্তের সংখ্যা বাড়ছে 

করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্য সেবা কর্মী ও পুলিমের পাশাপাশি গণমাধ্যমের সাংবাদিকদের আক্রান্ত হবার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত অন্তত ১০০ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিন সাংবাদিক।

এপ্রিলের শুরুর দিকে প্রথম একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের দেহে করোনা শনাক্ত হয়। এরপর ক্রমশ এ সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে পরিস্থিতির বেশ অবনতি হয়েছে।

‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ শীর্ষক ফেসবুক গ্রুপের তথ্য অনুযায়ী, গতরাত পর্যন্ত একশ’ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। আক্রান্ত সাংবাদিকদের অনেকের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত। সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন।

সাংবাদিকদের কয়েকটি সংগঠন সদস্যদের করোনা টেস্টের ব্যবস্থা করেছে। কিন্তু সার্বিকভাবে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসার বিশেষ কোনো ব্যবস্থা নেই। কয়েকজন সাংবাদিক যথাযথ চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন। এছাড়া, অন্যান্য পেশার যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা ঝুঁকিভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও সাংবাদিকদের জন্য  এখন পর্যন্ত সে ধরনের কোনো সুবিধা প্রদান করা হয় নি।

সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এদিকে, করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে আগামী ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় ৩০ মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

আজ জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে ১৫টি শর্ত আরোপ করা হয়েছে। এ নিয়ে সাত দফায় ছুটি বাড়ল।

উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, শারীরিক দূরত্ব রেখে ঈদের নামাজ আদায় করতে হবে। আগামী ২১ থেকে ২৭ মে চলবে না কোনো যানবাহন। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে জরুরি সেবা। এ ছাড়া ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না বলেও জানানো হয়।

নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আরেক দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। এরপর এ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। এখন আবার নতুন ছুটির সিদ্ধান্ত হলো।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।