বাংলাদেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ২৫ হাজার ছাড়াল
-
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৫১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ১২১ জনে। গত একদিনে মৃত্যু হয়েছে ২১ জনের। এ নিয়ে মোট মৃত্যু ৩৭০। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯০ জন।
আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রামের ৪ জন, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে একজন করে। এরমধ্যে ঢাকা সিটিতেই মারা যান সাতজন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৯৩ হাজার ৬৪৫টি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, বর্তমানে আইসোলেশনের আছেন ৩ হাজার ৬১৬ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৭৯৩ জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।