বাংলাদেশে ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৬১৭ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১৬
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬১৭ জন। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জন। গত একদিনে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। নতুন করে সুস্থ হয়েছেন ২১৪ জন।
আজ (বুধবার) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, নতুন করে মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ। তিনজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সাত জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে তিন জন রয়েছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১০ বছরের মধ্যে একজন রয়েছেন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ৪ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১১ হাজার ১৩৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২০৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩ হাজার ৮৫২টি।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ২১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হলেন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।