বাংলাদেশে আড়াই মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i80141-বাংলাদেশে_আড়াই_মাসের_মধ্যে_করোনায়_একদিনে_সর্বোচ্চ_২৮_জনের_মৃত্যু
বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মৃত্যুবরণ করেছেন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার আড়াই মাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮০ জনে। এছাড়া, নতুন করে এক হাজার ৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২৪, ২০২০ ১০:৩৬ Asia/Dhaka
  • বাংলাদেশে আড়াই মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মৃত্যুবরণ করেছেন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার আড়াই মাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮০ জনে। এছাড়া, নতুন করে এক হাজার ৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন।

আজ (রোববার) বেলা আড়াইটায় কোভিড-১৯ নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৬ হাজার ৯০১ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু আহম্মেদ নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ১৩ সদস্যের মৃত্যু হলো।

আজ (রোববার) সকালে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু।

রাজু আহম্মেদ

সিপিএইচ সূত্রে জানা গেছে, গত ২ মে করোনা পরীক্ষা করান পরিদর্শক রাজু আহম্মেদ। ৩ মে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। পরে ৪ মে তিনি সিপিএইচ-এ ভর্তি হন। সিপিএইচর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। পরিদর্শক রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুরে।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও ১২ সদস্য মারা গেছেন। তারা হলেন কনস্টেবল নাইমুল হক, জালাল উদ্দিন খোকা, মোখলেছুর রহমান, আশেক মাহমুদ ও জসিম উদ্দিন; নায়েক মামুনুর রশীদ; সহকারী উপপরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় ও আবদুল খালেক, উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান তালুকদার, নাজির উদ্দিন ও মোশাররফ হোসেন শেখ।

উল্লেখ্য, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের মোট ৩ হাজার ৫৭৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১ হাজার ১২ জনই ডিআইজি-এসপিসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ৭২২ জন সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।