গণস্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ভাবিত করোনার কিট পরীক্ষার দ্রুত সমাধান চায় বিএনপি
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের ক্লিনিক্যাল পরীক্ষা সরকারি নির্দেশে স্থগিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা কিট পরীক্ষার সমাধান দাবি করেছেন।
মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতির মাধ্যমে ফখরুল উল্লেখ করেন, দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার দ্রুত বাড়ছে। সাধারণ মানুষের সঙ্গে দেশের বরেণ্য বিশিষ্ট ব্যক্তিরাও আক্রান্ত এবং মারা যাচ্ছেন।
এ সময় আমরা গভীর উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করেছি যে, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট যখন বিএসএমএমইউতে ট্রায়াল পরীক্ষা হচ্ছিল সেই সময়ে হঠাৎ করেই সরকারের ওষুধ প্রশাসন গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের নিজস্ব ট্রায়াল স্থগিত করেছে। এতে প্রতীয়মান হয় যে, ওষুধ প্রশাসন উদ্দেশ্যমূলকভাবেই করোনা পরীক্ষা করতে আগ্রহী নয়। বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দাবি করছি, অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ভাবিত করোনার কীট পরীক্ষার সমাধান হোক।’
বিবৃতিতে ফখরুল বলেন, দেশের বরেণ্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। আমি তার এবং অন্যান্য যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরও আশু রোগমুক্তি কামনা করছি। ইতিমধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতারা করোনায় মারা গেছেন তাদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি তার বিবৃতিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা ঘরে থাকুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলুন।
করোনায় মারা গেলেন অধ্যক্ষ নিলুফার মঞ্জুর
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ ) চিকিৎসাধীন অবস্থায় সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর আজ মঙ্গলবার (২৬ মে) সকালে মৃত্যু বরণ করেছেন। অধ্যক্ষ নিলুফার মঞ্জুর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও শিল্পগোষ্ঠী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। সৈয়দ মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত।
কয়েকদিন আগে নিলুফার মঞ্জুরের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে রাজধানীতে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলটি প্রতিষ্ঠা করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার/ ২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।