বাংলাদেশে সর্বোচ্চ পরীক্ষার দিনে রেকর্ড ২৫২৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২৩
বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দ্রুত লাফে আড়াই হাজার ছাড়িয়ে গেছে। আর মারা গেছে ২৩ জন। আগের দিনের তুলনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে।
আজ (শুক্রবার) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেছেন, সকাল আটটা পর্যন্ত সমাপ্ত ২৪ ঘণ্টার রেকর্ড সংখ্যক ২ হাজার ৫২৩ জন শনাক্ত হয়েছেন।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ৯৮২টি। পূর্বেরসহ নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’
অধ্যাপক নাসিমা সুলতানা আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন।’
এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ২৯ জন, মারা গেছে ১৫ জন। তার আগের দিন বুধবার করোনায় আক্রান্ত হয় ১ হাজার ৫৪১ জন, মৃত্যু হয় ২২ জনের।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত দু’সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে।

দ্রুত সেরে উঠছেন পুলিশ সদস্যরা
করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যের প্রতি ৩ জনে ১ জন সদস্য ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। অন্যদিকে নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে। শুক্রবার পর্যন্ত পুলিশের ১ হাজার ৫৬৩ জন সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া বেশির ভাগ পুলিশ সদস্যই পুনরায় কর্মস্থলে যোগদান করেছেন। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪ হাজার ৫৪৪ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্যদের সুস্থতার হার ৩৪ দশমিক ৩৯ শতাংশ।
আরো চিকিৎসক সেবাকর্মী নিয়োগ
করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় আরও দুই হাজার চিকিৎসক এবং তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
এ নিয়ে এক মাসের মধ্যে দেশে রেকর্ড সংখ্যক ১০ হাজার স্বাস্থ্যকর্মীর নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া প্রধান অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান।
করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় গত ৪ মে দুই হাজার চিকিৎসক এবং ৭ মে পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেয় সরকার। এখন আরও তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, ঈদের মধ্যে তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এখন তাদের নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।